ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে দেশের ইতিহাসে অন্যতম গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচন হিসেবে উল্লেখ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিন। তিনি বলেন, জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচন কমিশন একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করতে সক্ষম হয়েছে।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে নির্বাচন ভবনের ফলাফল কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে সিইসি এসব কথা বলেন। তিনি জানান, কিছু সীমাবদ্ধতা ও ত্রুটি থাকলেও সামগ্রিকভাবে নির্বাচন উচ্চ মানদণ্ডে অনুষ্ঠিত হয়েছে। গণভোটসহ বৃহৎ পরিসরের এ ভোট কার্যক্রম পরিচালনায় প্রায় ১৭ লাখ কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করেছেন।

সিইসি বলেন, কোনো বেসরকারি বা অপ্রমাণিত ফলাফল নির্বাচন কমিশনের কাছে গ্রহণযোগ্য নয়। কেবল রিটার্নিং কর্মকর্তাদের স্বাক্ষরিত ও আনুষ্ঠানিকভাবে প্রাপ্ত ফলাফলই কমিশনের পক্ষ থেকে প্রকাশ করা হবে।

ভোট গণনায় সময় লাগার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, গণভোট ও পোস্টাল ব্যালট অন্তর্ভুক্ত থাকায় ফলাফল চূড়ান্ত করতে স্বাভাবিকভাবেই সময় বেশি লাগছে। তবে এতে কোনো ধরনের কারসাজি বা অনিয়মের সুযোগ নেই ব।

তিনি আরো বলেন, নির্বাচন কমিশন গোপনীয়তার পক্ষে নয়; বরং গণমাধ্যমের মাধ্যমে সারা দেশের জনগণের সামনে পুরো নির্বাচন প্রক্রিয়া ও ফলাফল স্বচ্ছভাবে উপস্থাপনে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ।

সিইসি দাবি করেন, অতীতের বিতর্কিত নির্বাচনগুলোর তুলনায় এবারের নির্বাচন যেকোনো মানদণ্ডে অধিক গ্রহণযোগ্য ও আস্থাযোগ্য হিসেবে বিবেচিত হবে।