ঝালকাঠির মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ আন্তরিকভাবে কাজ করবে বলে জানিয়েছেন নবাগত জেলা পুলিশ সুপার মেরিন সুলতানা। মঙ্গলবার ( ২৫ আগস্ট) পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে ঝালকাঠিতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা ও বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে সংবাদকর্মীদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন পুলিশ সুপার।
এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মামুন আল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম বায়েজিদ ইবনে আকবর, প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আক্কাস সিকদার, সাধারণ সম্পাদক আ স ম মাহমুদুর রহমান পারভেজ, সহসাধারণ সম্পাদক অলোক সাহা, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমির হোসেন তালুকদারসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা ।
এ সময় সংবাদকর্মীরা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, কিশোর অপরাধ, যানজটসহ জনসাধারণের বিভিন্ন সমস্যা ও পুলিশের কার্যক্রম নিয়ে পুলিশ সুপারের কাছে নানা বিষয় তুলে ধরেন। পুলিশ সুপার মেরিন সুলতানা সংবাদকর্মীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে পুলিশ ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।










