সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার কামারপাড়া ঘোষপাড়ায় বসতঘর থেকে অন্তঃসত্ত্বা স্ত্রী ও স্বামীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন ওই এলাকার দ্বিজগোপাল ঘোষের ছেলে গৌরাঙ্গ ঘোষ (২৫) ও গৌরাঙ্গের স্ত্রী তমা রানী ঘোষ (২০)। গতকাল দুপুরে তাদের মরদেহ নিজ ঘর থেকে উদ্ধার করা হয়।

গৌরাঙ্গের মা রুবী রানী ঘোষ বলেন, গত এক বছর আগে তার ছেলের সঙ্গে টাঙ্গাইলের মির্জাপুরের তমা ঘোষের বিয়ে হয়। মাঝে মাঝে নানা কারণে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলে আসছিল। গতকাল সকাল ১০টা বেজে গেলেও তারা ঘুম থেকে না ওঠায় ডাকাডাকি করা হয়। এতে সাড়া না দিলে এক পর্যায়ে বাড়ির লোকজন ঘরের জানালা দিয়ে দুজনের রক্তমাখা মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। বেলকুচি থানার ওসি গোলাম মোস্তফা বলেন,  প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ত্রীকে খুন করার পর  স্বামী আত্মহত্যা করে থাকতে পারেন।