নরসিংদীর মনোহরদীর খিদিরপুর ইউনিয়নের বীর আহম্মদপুর গ্রাম থেকে রাসেল ভূঁইয়া (৩৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে উল্লেখিত গ্রামের একটি বাড়ির পিছন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রাসেল ভূঁইয়া একই ইউনিয়নের বড়বাড়ির মৃত মাইন উদ্দিনের ছেলে। চালাকচর বাজারে তার মোবাইলের দোকান ছিল বলে জানা গেছে।
স্থানীয় সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের স্ত্রী রোজিনা বলেন, সন্ধ্যায় নিজের মোবাইল মেরামত করে বাড়িতে দিয়ে যায় তার স্বামী রাসেল। এরপর থেকে রাসেলের মোবাইলে কল দিলেও তা কেটে দেয়া হচ্ছিল। একপর্যায়ে রোজিনার নাম্বারই ব্লক করে দেয়া হয়। পরে সকালে হাঁটতে বের হয়ে এলাকাবাসীর কাছে মফিজ মহুরির বাড়ির পাশে মরদেহ পড়ে থাকার সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে তাকে শনাক্ত করি।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জব্বার বলেন, ধারণা করা হচ্ছে হত্যা করে মরদেহটি এ বাড়ির পিছনে ফেলে দেয়া হয়েছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দাফন শেষে পরিবারের লোকজন বাদী হয়ে মামলা দায়ের করবে।










