এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন ৭২৬ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৭১ জনে।

সোমবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ১৮৪ জন, বরিশাল বিভাগে ৭৫ জন, চট্টগ্রাম বিভাগে ৮১ জন, খুলনা বিভাগে ১০৭ জন, ময়মনসিংহ বিভাগের ৩৭ জন, রাজশাহী বিভাগের ৬৫ জন, সিলেট বিভাগের ৫ জন এবং রংপুর বিভাগের ১৭২ জন রোগী রয়েছেন।

চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৬১ জনের মধ্যে ২২ জন পুরুষ এবং ৩৯ জন নারী। হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ১৮ হাজার ৫৬৭ জন। বর্তমানে চিকিৎসাধীন এক হাজার ৪৪৩ জন।

তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, মৃতদের মধ্যে নারী ৩৯ জন বা ৬৩ দশমিক ৯ শতাংশ এবং পুরুষ ২২ জন বা ৩৬ দশমিক ১ শতাংশ। ঢাকা বিভাগের ক্ষেত্রে দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন হাসপাতালে ২০, উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন হাসপাতালে সাত ও সিটি করপোরেশনের বাইরে একজন প্রাণ হারিয়েছেন। সেই সঙ্গে খুলনায় ১০, বরিশালে সাত, ময়মনসিংহে ছয়, চট্টগ্রামে পাঁচ, রাজশাহীতে তিন এবং রংপুর ও সিলেটে একজন করে মারা গেছেন।