ক্ষমতা হারানোর ভয়েই শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কোটা ব্যবস্থা সংস্কার দাবিতে শিক্ষার্থীদের কর্মসূচির ওপর ছাত্রলীগ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা হামলা চালিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের নৃশংসভাবে আহত করার ঘটনায় নিন্দা জানিয়ে গতকাল বিবৃতি দেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, ‘ক্ষমতা হারানোর ভয়েই এ হিংস্র হামলা। ক্ষমতায় টিকে থাকার জন্য শিক্ষার্থীদের ন্যায্য দাবিকে রক্তাক্ত পন্থায় দমনের যে দৃশ্য দেশবাসী অবলোকন করল তা আওয়ামী ফ্যাসিবাদের আরেকটি হিংস্র অধ্যায় হিসেবে ইতিহাসে সংযোজিত হবে। এদের হাতে জনগণ, রাষ্ট্র, সমাজ, স্বাধীনতা, সার্বভৌমত্ব কখনই নিরাপদ নয়। পুলিশ ও সন্ত্রাসীদের দ্বারা শিক্ষার্থীদের রক্ত ঝরানোর বীরত্বে আওয়ামী শাসকগোষ্ঠী এখন আত্মহারা। দমন-পীড়নের ভয়াবহ পন্থা অবলম্বন করে তারা দেশবাসীকে নিথর-নিস্তব্ধ করতে চায়।’

হামলায় সরকাকে অভিযুক্ত করে তিনি বলেন, ‘আওয়ামী সরকার গণতন্ত্রকামী রাজনৈতিক দলের আন্দোলনের ওপর যেভাবে স্টিমরোলার চালাচ্ছে, ঠিক একইভাবে সাধারণ শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে দমনের পন্থা গ্রহণ করেছে। আজ পুলিশ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা যৌথভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে পৈশাচিক হামলা চালিয়ে অসংখ্য ছাত্রছাত্রীকে আহত করেছে।