দেশে মোবাইল তৈরি ও আমদানির ক্ষেত্রে কর ছাড় দিবে এনবিআর বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান আবদুর রহমান খান। সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র‍্যাপিড) আয়োজিত আগামী সরকারের জন্য সামাজিক অর্থনৈতিক অগ্রাধিকার শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, পৃথিবীর কোথাও বাণিজ্য (ট্রেড) থেকে এত ট্যাক্স আদায় করা হয় না। আমাদের দেশে যে পরিমাণ ট্যাক্স আদায় করা হয়। এটা যে ট্যাক্সের জন্য করা হয় তা কিন্তু না। অধিকাংশ কেইসে আমাদের লোকাল ইন্ডাস্ট্রিকে সুরক্ষা দিতে এটা করা হয়। আজ সকালে মোবাইল ম্যানুফ্যাকচারাররা এসেছে। তারা জানতে চাইল আপনারা ট্যাক্স কমাবেন আমদানিতে, আমাদের ইনভেস্টমেন্টের কী হবে?

তিনি আরো বলেন, এনবিআর মনে করে—উভয় গ্রুপের স্বার্থ রক্ষা করে এবং কনজিউমার ইন্টারেস্ট রক্ষা করার জন্য মোবাইল ফোন, স্মার্টফোনের দাম বাংলাদেশে কমুক। এটা করতে গেলে আমরা দুই জায়গাতেই ছাড় দিতে রাজি আছি।

এনবিআর চেয়ারম্যান আরো বলেন, এখন যেহেতু গ্রে মার্কেটে বেশিরভাগ হাই অ্যান্ড ফোন আসে, ফলে আসলে আমরা সত্যিকার্র অর্থে কোনো রেভিনিউ পাই না। এটা যদি আমরা ফরমাল সিস্টেমে করতে পারি— এনইআইআর ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে, ইভেন রেভিনিউ যদি আমরা ছেড়েও দেই। তার পরেও কিন্তু ফরমাল চ্যানেলে আসার কারণে আমাদের রেভিনিউ বাড়বে।