সিলেটে অবস্থানরত আফগানিস্তান ক্রিকেট দলের আট খেলোয়াড়সহ কন্টিনজেন্টের মোট ১২ জন সদস্য করোনায় পজিটিভ হয়েছেন। পরবর্তী কভিড পরীক্ষার আগ পর্যন্ত অতিথিদের গোটা দলটিকে ৪৮ ঘণ্টার জন্য আইসোলেশনে থাকার কথা বলা হয়েছে, যা আজ শেষ হবে। এরপর নতুন করে কভিড পরীক্ষা হবে সবার।

জানা গেছে, আট ক্রিকেটার ছাড়াও সাপোর্ট স্টাফের তিন সদস্য ও এক ক্রিকেটারের স্ত্রী করোনা পজিটিভ হয়েছেন।

আফগান ক্রিকেট দলের সফর আনুষ্ঠানিকভাবে শুরু হবে ১৯ ফেব্রুয়ারি। তার আগে নিজেদের ব্যবস্থাপনায় সিলেটে অবস্থান করছে অতিথি দলটি। এর পরও তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেন, এ পরিস্থিতিতে নিশ্চিতভাবেই আমরা তাদের সহযোগিতা করব।

বিসিবির চিকিৎসক মঞ্জুর হোসেন জানান, বাংলাদেশে আসার পর আফগানিস্তান দলের সদস্যদের করোনাভাইরাস পরীক্ষা হয়, সেটাতেই কয়েকজনের ফল পজিটিভ এসেছে। এ মুহূর্তে আফগানিস্তান বোর্ডের তত্ত্বাবধানে চলছে ওদের অনুশীলন। ১৯ ফেব্রুয়ারির পর শুরু হবে ওদের আনুষ্ঠানিক সফর। সে সময়ে এসব ব?্যাপার আমরাই দেখভাল করব।

১৯ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে বিসিবির আতিথেয়তার মধ্যে চলে আসবে আফগান ক্রিকেট দল। ২৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে। একই ভেনুতে ২৫ ও ২৮ ফেব্রুয়ারি যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে। এরপর দুই দল ফিরবে ঢাকায়। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ৩ ও ৫ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের দুটি টি২০।

বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিতে একটু আগেভাগেই এসেছে আফগানরা। গত শনিবার ঢাকায় নেমেই তারা চলে যায় সিলেটে। সেখানে ১০ দিন ক্যাম্প করার পর দলটি সিরিজ খেলতে চট্টগ্রাম যাবে।

উল্লেখ্য, আফগানিস্তান দলের দুই তারকা ক্রিকেটার মোহাম্মদ নবী ও রশিদ খান এখনো বাংলাদেশে আসেননি। চলমান পাকিস্তান সুপার লিগ শেষ করে তারা দুজন বাংলাদেশে আসবেন ২০ ফেব্রুয়ারি।