দিনাজপুরের নবাবগঞ্জে কালভার্টের পাশ থেকে সার্জিক্যাল তুলা দিয়ে মোড়ানো অবস্থায় একদিন বয়সের নবজাতক জীবিত একটি মেয়ে শিশুকে উদ্ধার করেছে স্থানীয়রা।

শনিবার বিকেল সাড়ে ৫টায় নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের লাঠিদম গ্রামের দক্ষিণ পাশের কালভার্টের পাশ থেকে ওই শিশুটিকে উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট এলাকার ইউপি সদস্য হারুনুর রশিদ বলেন, শনিবার বিকেলে লাঠিদম মাঠ থেকে কাজ শেষে কবিরুল ইসলাম নামের এক ব্যক্তি বাড়ি ফিরছিলেন। পথে কালভার্টের পাশে একটি শিশুর কান্না শুনতে পান তিনি। তৎক্ষণাৎ ওই স্থান থেকে শিশুটিকে উদ্ধার করে ভাদুরিয়া বাজারের ডা. আতিয়ার রহমানে কাছে প্রাথমিক চিকিৎসা শেষে পরে তারা আমার বাড়িতে রাখেন। শিশুটিকে উদ্ধারের সময় সার্জিক্যাল তুলা দিয়ে মোড়ানো ছিল। ধারণা করা হচ্ছে, শিশুটির বয়স একদিনের মত হবে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার চৌহান বলেন, কালভার্টের পাশ থেকে একদিনের একটি নবজাতক জীবিত শিশুকে উদ্ধারের কথা শুনেছি। শিশুটি ওই এলাকার হারুনুর রশিদ নামের এক ইউপি সদস্যর বাড়িতে রাখা হয়েছে। শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে জানিয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।