পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, ঝড়, তুফান ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগে মানুষের ক্ষয়ক্ষতি হয়। তবে তা কাটিয়ে উঠতে বেশি সময় লাগে না। কিন্তু বসতবাড়ি পুড়ে গেলে মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। এজন্য আমাদের আগুন নিয়ন্ত্রণের জন্য পূর্ব প্রস্তুতি রাখা দরকার। গতকাল সকালে জেলার রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের হ্ঙাক্ওয়া (তালুকদার) পাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। এরপর ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ টাকা, ঢেউটিনসহ গুরুত্বপূর্ণ দ্রব্যসামগ্রী বিতরণ করেন মন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার হোসাইন, রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান চহাইমং মারমা, অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার, রোয়াংছড়ি ইউএনও মো. আবদুল্যাহ আল জাবেদ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. নুরুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবানের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াসির আরাফাত, রেডক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটের সাধারণ সম্পাদক অমল কান্তি দাশ প্রমুখ।









