ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকের করোনা শনাক্তের তিনদিনের মাথায় দ্বিতীয় পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট এসেছে। আজ শুক্রবার সকালে ঝালকাঠির সিভিল সার্জন শ্যামল কৃষ্ণ হালদার এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, গত ২৭ এপ্রিল ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে পাঠানো রিপোর্টে তার করোনা পজিটিভ এসেছিল। পরে আবার পাঠানো নমুনা পরীক্ষায় এই চিকিৎসক এবং ওই স্বাস্থ্য কমপ্লেক্সের ১০ জন চিকিৎসকসহ ২০ জন স্টাফের নমুনা সংগ্রহের রিপোর্টও নেগেটিভ এসেছে। ফলে শুক্রবার সকাল থেকে পুনরায় স্বাস্থ্যসেবা চালু করা হয়েছে স্বাস্থ্য কমপ্লেক্সে। তবে ওই চিকিৎসককে ১৪ দিনের জন্য আইসোলেশনে থাকতে বলা হয়েছে।
করোনা পজিটিভ চিকিৎসকের তিনদিনের মাথায় নেগেটিভ রিপোর্ট নিয়ে জেলা স্বাস্থ্য বিভাগই দুশ্চিন্তার মধ্যে রয়েছে। ঝালকাঠির সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার বলেন, ‘নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সের ওই চিকিৎসকের করোনার কোন লক্ষণ নেই। তারপরও প্রথম রিপোর্ট পজিটিভ আসায় তাকে ১৪ দিনের হোম আইসোলেশনে থাকতে হবে। যদিও দ্বিতীয় রিপোর্ট নেগেটিভ এসেছে।
তিনি বলেন, ‘এখন ১৪ দিন পরে আবারো তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হবে। সেই রিপোর্টের পরে সঠিক তথ্য জানা যাবে।’
তিনদিনের মাথায় নেগেটিভ রেজাল্ট নিয়ে অবাক সিভিল সার্জনও। তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা নিজেরাও দুশ্চিন্তায় রয়েছি। তিনদিন আগে যার পজিটিভ হলো, তিনদিন পরে কীভাবে নেগেটিভ হয়!’










