ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রিধারীদের বেতন স্কেল দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে বগুড়ায় কর্মবিরতি ও অবস্থান-ধর্মঘট কর্মসূচি পালিত হয়েছে। বগুড়া জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গতকাল সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ কর্মসূচি পালন করে”বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদ।

কর্মসূচি পালনকালে নেতারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে। অন্য সব ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিংয়ের মতো ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) পাস করা সার্ভেয়ার/সমমান পদে সরকারের সব মন্ত্রণালয়, দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর ও সংস্থায় কর্মরতদের বেতন স্কেল দশম গ্রেডে, দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদায় উন্নীত করতে হবে।