ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীতে ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে ফেনীর কালীদহ ইউনিয়নের হাফেজিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতদের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে এলে স্বজনরা একজনের নাম পরিচয় শনাক্ত করেছেন। তিনি হচ্ছেন ভোলা জেলার মনপুরা উপজেলার চর ফয়েজ উদ্দিন গ্রামের ফারুকের ছেলে আরিফ।এছাড়া বাকিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

হাসপাতালে চিকিৎসাধীন আহত নাগর মাঝি নামের একজন জানান, সীতাকুন্ড থেকে দালানের চাদ ঢালাইয়ের কাজ শেষে ঢালাই মিশ্রণ যন্ত্রসহ পিকআপে করে ফেনীতে ফিরছিলেন শ্রমিকরা। পিকআপটি ঢাকামুখী লেনের ফেনীর লেমুয়া ব্রিজ পার হওয়ার পর বামপাশের একটি চাকা বিকল হয়ে গেলে তাৎক্ষণিকভাবে ঢালাই মিশ্রণ যন্ত্রটিসহ তারা সবাই রাস্তায় পড়ে যান। এতে পিছন থেকে দ্রুতগামী একটি কাভার্ডভ্যান এসে তাদের সঙ্গে থাকা ব্যক্তিদের চাপা দেয়।

ফেনীর মহিপাল হাইওয়ে থানার ওসি হারুনুর রশিদ বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত দুটি পরিবহন পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।