বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে চিনি বোঝাই একটি কার্গোডুবির ঘটনা ঘটেছে। এতে ৩ হাজার ৭২০ বস্তা চিনি ছিল। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গতকাল সকাল ১০টার দিকে উপজেলার বড়জালিয়া ইউনিয়নের কাইছমার-সংলগ্ন মেঘনা নদীতে এ কার্গোডুবির ঘটনা ঘটে। হিজলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ চন্দ্র দে বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার সঙ্গে সঙ্গেই হিজলা নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ডুবে যাওয়া কার্গোর সুকানি আবুল হাশেমসহ চারজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে। কার্গোটিতে মাঝিমাল্লা ছাড়া কোনো যাত্রী ছিল না। উদ্ধার হওয়া কার্গোটির সুকানি আবুল হাশেম জানান, ওই নৌযানে মেঘনা গ্রুপের ফ্রেশ কোম্পানির ৩ হাজার ৭২০ বস্তা (প্রতি বস্তায় ৫০ কেজি) চিনি ছিল।
ভোলায় ফ্রেশ কোম্পানির ডিলার মেসার্স হোসেন ট্রেডার্স নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে এসব চিনি নিয়ে যাচ্ছিলেন তারা। মঙ্গলবার দুপুর ১২টার দিকে তারা নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে ভোলার উদ্দেশে রওনা দেন। রাতে চাঁদপুরে অবস্থান করে গতকাল ভোরে আবারো গন্তব্যে যাত্রা করেন। সকাল সাড়ে ১০টার দিকে মেঘনা নদীর কাইছমার ঘাট এলাকা অতিক্রম করার সময় আকস্মিক ডুবোচরের সঙ্গে ধাক্কা লেগে কার্গোটি ডুবে যায়। খবর পেয়ে হিজলা নৌ পুলিশের সদস্যরা ট্রলার নিয়ে দুর্ঘটনাস্থলে যান এবং সেখান থেকে তাদের উদ্ধার করে কিনারে নিয়ে আসেন।
হিজলা ফায়ার সার্ভিসের টিম লিডার মো. নুরুল ইসলাম বলেন, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ৩০০ বস্তা চিনি ওঠাতে পারলেও বাকিগুলো পানিতে গলে যায়।









