ইউনাইটেড অটো ওয়ার্কার্স (ইউএডব্লিউ) ইউনিয়নের শুরু হওয়া ধর্মঘটের জেরে ৫০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে জেনারেল মোটরস (জিএম) ও ফোর্ড। তবে ইউএডব্লিউ দুই প্রতিষ্ঠানের এমন সিদ্ধান্তের সমালোচনা করেছে। ছাঁটাই হওয়া কর্মীরা যাতে আর্থিক সহায়তা পায়, তা নিশ্চিত করার দাবি জানিয়েছে। খবর সিএনএন।
জেনারেল মোটরস পারমা, ওহাইও, মেরিয়ন ও ইন্ডিয়ানার প্লান্ট থেকে ১৬৪ জন কর্মচারী ছাঁটাই করছে। ধর্মঘটের কারণে প্লান্টগুলোয় কার্যক্রম ব্যাহত হচ্ছিল। এদিকে ফোর্ড ইউএডব্লিউর ধর্মঘটের মধ্যেই ফোর্ড শিকাগো স্ট্যাম্পিং প্লান্ট এবং লিমা ইঞ্জিন প্লান্ট থেকে ৩৩০ কর্মী ছাঁটাই করেছে।
উভয় কোম্পানিই বর্তমানে নির্মাণ কার্যক্রম নিয়ে চিন্তিত। ইউনিয়নের মধ্যে ডেট্রয়েটের তিন গাড়ি নির্মাতার বিরুদ্ধে ধর্মঘটে থাকা ২৫ হাজারেরও বেশি সদস্যকে আর্থিক সহায়তা দিচ্ছে। আন্দোলনকারীদের সহায়তা ও ছাঁটাই মিলিয়ে ইউনিয়নের খরচ সপ্তাহে ১ কোটি ৪৩ লাখ ডলারে দাঁড়াবে বলে ধারণা করা হচ্ছে।
ইউএডব্লিউ ফোর্ড, জিএম ও স্টেলান্টিসের বিরুদ্ধে ধর্মঘট করে আসছে। ধর্মঘট অব্যাহত থাকায় প্রথম দুই সপ্তাহে ইউএডব্লিউ সদস্যদের না পাওয়া মজুরির পরিমাণ ৩২ কোটি ৫০ লাখ ডলারে দাঁড়িয়েছে। ধর্মঘটটি এর মধ্যেই গাড়ি নির্মাতা, তাদের সরবরাহকারী, ডিলারশিপে নেতিবাচক প্রভাব ফেলেছে।










