বিশ্বের যে শহরগুলোয় সবচেয়ে বেশি ভ্রমণ করা হয় সে তালিকার শীর্ষ পাঁচে উঠে এসেছে দুবাইয়ের নাম। সম্প্রতি শহরটিতে যুক্ত হয়েছে স্বল্পমেয়াদে বাড়ি ভাড়া নেয়ার সুবিধা। বিশেষ করে ফুটবল বিশ্বকাপ ২০২২ সামনে রেখে এ শহরে স্বল্পমেয়াদি বসবাসকারীর সংখ্যা বাড়ছে। এ আয়োজন সামনে রেখে খাতটিতে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে।

দুবাইভিত্তিক রিয়েল এস্টেট এজেন্সি ইউনিক প্রপার্টিজের তথ্য অনুযায়ী, ফুটবল বিশ্বকাপ সামনে রেখে এ মুহূর্তে দুবাইয়ে স্বল্পমেয়াদি বাড়ি ভাড়া নেয়ার প্রবণতা অনেক বেশি।

যদিও এ প্রবণতা লন্ডনের মতো বেশি নয় বলে মন্তব্য করেছেন ইউনিক প্রপার্টিজের প্রধান নির্বাহী কর্মকর্তা আরাশ জালিলি। তিনি বলেন, স্বল্পমেয়াদে বাড়ি ভাড়া নেয়ার বাজার লন্ডনে দুবাইয়ের দ্বিগুণ। তবে এটাও ঠিক, বিশ্বের সবচেয়ে বেশি পরিদর্শিত শহরগুলোর মধ্যে দুবাই অন্যতম। ফুটবল বিশ্বকাপ সামনে রেখে এ শহরের স্বল্পমেয়াদি বাড়ি ভাড়ার বাজারের প্রসার ঘটতে যাচ্ছে।

এ খাতের প্রসারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে দুবাই এক্সপো ২০২০। গত বছরের ১ অক্টোবর থেকে শুরু হওয়া এ আয়োজন চলে গত ৩১ মার্চ পর্যন্ত। সে সময় এক্সপো সামনে রেখে অল্প সময়ের জন্য প্রচুর পর্যটক বা আন্তর্জাতিক দর্শনার্থী দুবাইয়ে কিছুদিনের জন্য থাকতে যান। তখন বাড়ি ভাড়া নিতে দীর্ঘমেয়াদি চুক্তির বদলে স্বল্পমেয়াদি চুক্তি করেন তারা। এর মাধ্যমে তাদের খরচ যেমন কমে যায় তেমনি সহজে বাড়ি ছেড়ে দেয়া বা অন্য কোনো বাড়িতে চলে যাওয়ার সুযোগও সৃষ্টি হয়।

এ আয়োজনের পর দুবাইয়ে এখন ১০ হাজার বাড়ি আছে যেগুলো স্বল্পমেয়াদে ভাড়া দেয়ার উপযোগী। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে মাস্ক পরিধানের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর পর্যটকের সংখ্যাও বেড়েছে। আবার বিশ্বকাপ ফুটবল উপলক্ষেও প্রচুর দর্শনার্থী শহরটিতে আসবেন। ফলে সামনের দিনগুলোয় স্বল্পমেয়াদে ভাড়া নেয়ার উপযোগী বাড়ির চাহিদাও অনেক বাড়বে। এর মধ্য দিয়ে তুলনামূলক নতুন খাতটির প্রসার ঘটবে। সংশ্লিষ্টরা বলছেন, বিশ্বকাপ শুরুর আগে, বিশ্বকাপ চলাকালে এবং শেষ হওয়ার পরও এ-সংশ্লিষ্ট বহু আন্তর্জাতিক দর্শনার্থীকে দুবাইয়ে থাকতে হবে। সুযোগটি কাজে লাগাতে হবে খাতসংশ্লিষ্টদের। তারা বলছেন, কাতারে প্রবেশ আগের চেয়ে অনেক সহজ হয়েছে। অন্যদিকে এক বছর আগের তুলনায় কাতারে বাড়ি ভাড়া ৩০ শতাংশ বেড়েছে। এ দুইয়ের সমন্বয় সঠিকভাবে ঘটাতে পারলে নিঃসন্দেহে দুবাইয়ের অর্থনীতি লাভবান হবে।