ইঞ্জিনে আগুন লাগার ঝুঁকি বিবেচনা করে যুক্তরাষ্ট্র থেকে যৌথভাবে ৩৩ লাখ ৭০ হাজার গাড়ি প্রত্যাহার করেছে হুন্দাই ও কিয়া। ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন (এনএইচটিএসএ) জানিয়েছে, মেরামত শেষ না হওয়া পর্যন্ত গাড়ি মালিকদের দূরবর্তী জায়গায় গাড়ি পার্ক করার পরামর্শ দিয়েছে। খবর রয়টার্স।
মার্কিন গাড়ি নির্মাতারা জানায়, অভ্যন্তরীণ ব্রেক ফ্লুইড লিকের কারণে বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে পারে। এর কারণে ইঞ্জিনে আগুন ধরে যেতে পারে। ২০১৭ সাল থেকে হুন্দাইয়ের গাড়িতে ২১টি অগ্নিকাণ্ড ও ২১টি অতিরিক্ত তাপবিষয়ক দুর্ঘটনা ঘটেছে। অন্যদিকে কিয়া ১০টি নিশ্চিত অগ্নিকাণ্ডের ঘটনা রিপোর্ট করেছে। এনএইচটিএসএর তথ্যানুসারে, এখন পর্যন্ত কোনো দুর্ঘটনায় আহত বা প্রাণহানি হয়নি।
২০১০-১৭ সালের মধ্যে বোরেগো, ক্যাডেনজা, ফোর্ট, স্পোর্টেজ, কে৯০০, অপটিমা, সোল, রিও, সোরেন্তো ও রন্ডো মডেলসহ ১৭ লাখ ৩০ হাজার গাড়ি প্রত্যাহার করে কিয়া। অন্যদিকে ২০১১-১৫ সাল পর্যন্ত ইলান্ট্রা, জেনেসিস কুপ, সোনাটা হাইব্রিড, অ্যাক্সেন্ট, আজেরা, ভেলোস্টার, সান্তা ফে, ইকুস, ভেরাক্রুজ, টাকসন, টাকসন ফুয়েল সেল ও সান্তা ফে স্পোর্ট মডেলসহ মোট ১৬ লাখ ৪০ হাজার গাড়ি প্রত্যাহার করে হুন্দাই। হুন্দাই এবিএস ত্রুটিপূর্ণ মডিউল ফিউজ প্রতিস্থাপনের জন্য ডিলারের কাছে ব্যবহারকারীদের গাড়ি আনতে বলেছে। কিয়া এখনো সমস্যা সমাধানের চেষ্টা করছে। নভেম্বরে মালিকদের কাছে প্রত্যাহারের নোটিফিকেশন পাঠানো হবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।










