হংকংয়ের অ্যাপার্টমেন্ট ব্যবসা ফের জমে উঠেছে। দেশটিতে চলতি বছর ১৭ হাজার ৫০০ কোটি হংকং ডলারের নতুন বাড়ি বিক্রি হয়েছে। নতুন বাড়ির পাশাপাশি পুরনো বাড়ি বিক্রির পরিমাণও বেড়েছে। ২০২২ সালে হংকংয়ের অ্যাপার্টমেন্ট ব্যবসা ৫২ শতাংশ সংকুচিত হয়েছিল। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।

সান হাং কাই প্রপার্টিজ লিমিটেড শনিবার এর নভো ল্যান্ড প্রজেক্টের বিক্রয়যোগ্য ৩৫২টি ইউনিেটর সবই বিক্রি করেছে। এতে মোট ২০০ কোটি হংকং ডলার (২৫ কোটি ৫০ লাখ ইউএস ডলার) আয় হয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি। অন্যদিকে হুইলক প্রপার্টিজ ১০ দিনে এর কোকো রোসো ডেভেলপমেন্টের ৩০৪ ইউনিট (মোট বিক্রয়যোগ্য অ্যাপার্টমেন্টের ৯৯ শতাংশ) বিক্রি করেছে।

মূল ভূখণ্ড চীনের সঙ্গে হংকংয়ের সীমান্ত পুনরায় খুলে দেয়া হয়েছে। মাস্ক পরার বাধ্যবাধকতাও তুলে দিয়েছে বাণিজ্য নগরীটি। এসব কারণে আত্মবিশ্বাস বেড়েছে ক্রেতাদের। এর প্রভাবে বেড়েছে অ্যাপার্টমেন্ট ব্যবসা। এমনটাই মনে করেন মিডল্যান্ড রিয়েলিটির হোম ডিভিশনের প্রধান নির্বাহী স্যামি পো। চলতি মাসে নতুন বাড়ি বিক্রি প্রায় ২ হাজার ৮০০ ইউনিটে পৌঁছতে পারে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

গত বছর নতুন বাড়ি বিক্রির পরিমাণ কমে গিয়েছিল। ২০১৩ সালের পর তা ছিল সর্বনিম্ন। সুদহার বেড়ে যাওয়া ও কভিড জটিলতার কারণে বিক্রি কমে গিয়েছিল।

চলতি বছর নতুন বাড়ি বিক্রির পরিমাণ ৫০ শতাংশের বেশি বাড়তে পারে বলে ব্লুমবার্গ ইনটেলিজেন্স পূর্বাভাস দিয়েছে। এ প্রতিষ্ঠানের একজন বিশেষজ্ঞ প্যাট্রিক উং বলেন, ‘পরবর্তী কয়েক বছরে অনেক ডেভেলপার তাদের বিক্রি বাড়ানোর চেষ্টা করবে।’