৫০০ কোটি টাকার নন-কনভার্টেবল, কুপন বেয়ারিং সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আইএফআইসি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ। বন্ডটি ইস্যুর মাধ্যমে ব্যাংকের টায়ার-২ মূলধন ভিত্তি শক্তিশালী করা হবে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে এ বন্ড ইস্যু করতে চায় ব্যাংকটি। এক মূল্যসংবেদনশীল তথ্যে এ সিদ্ধান্ত জানিয়েছে আইএফআইসি ব্যাংক।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২২ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) আইএফআইসি ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৫২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮৭ পয়সা। দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৩৪ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪৫ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৫৮ পয়সায়। আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ১৬ টাকা ৩৯ পয়সায়।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে আইএফআইসি ব্যাংক। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৪৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬৭ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়ায় ১৭ টাকা ৭৮ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ১৬ টাকা ৩৫ পয়সা।
এর আগে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে আইএফআইসি ব্যাংক। ২০১৯ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল আইএফআইসি ব্যাংক। ২০১৮ হিসাব বছরে ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল তারা। ২০১৭ হিসাব বছরে ব্যাংকটি ১২ শতাংশ স্টক লভ্যাংশ দেয়। তার আগে ২০১৬ ও ২০১৭ হিসাব বছরেও একই হারে স্টক লভ্যাংশ পেয়েছিলেন ব্যাংকের শেয়ারহোল্ডাররা।
সর্বশেষ ঋণমান অনুসারে, দীর্ঘমেয়াদে আইএফআইসি ব্যাংকের ঋণমান ‘ডাবল এ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-টু’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিং প্রকাশের দিন পর্যন্ত অন্যান্য গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।
১৯৮৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত আইএফআইসি ব্যাংকের অনুমোদিত মূলধন ৪ হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন ১ হাজার ৭৮৫ কোটি ৯১ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ২৩৭ কোটি ৭২ লাখ টাকা।










