পুঁজিবাজারে তালিকাভুক্ত গোল্ডেন সান লিমিটেডের শেয়ারের ক্যাটাগরি পরিবর্তন হয়েছে। টানা দুই বছর লভ্যাংশ ঘোষণা করতে ব্যর্থ হওয়ায় কোম্পানিটিকে ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) শর্ত অনুসারে টানা দুই বছর লভ্যাংশ ঘোষণা করতে ব্যর্থ হওয়ায় কোম্পানিটির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। আজ থেকে স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকগুলোকে কোম্পানিটির জন্য মার্জিন ঋণ প্রদানে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ ২০২৫-২৬ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি কোম্পানিটি। আলচ্য হিসাব বছরে গোল্ডেন সানের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৮৩ পয়সা। ৩০ জুন ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৭ পয়সায়।
২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে গোল্ডেন সানের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৮৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬৮ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৬ টাকা ৬ পয়সায়।
২০২৩-২৪ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে সাধারণ বিনিয়োগকারীদের ১ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে গোল্ডেন সানের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৭৫ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৭ টাকা ৯৯ পয়সায়।
২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে গোল্ডেন সানের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৭৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২৯ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৮ টাকা ৯৯ পয়সায়।
২০২১-২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে গোল্ডেন সানের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২৯ পয়সা।
আগের হিসাব বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৩০ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২০ টাকা ২২ পয়সায়।
গোল্ডেন সান লিমিটেডের ঋণমান দীর্ঘমেয়াদে ‘বিবি২’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-৪’। ৩০ জুন সমাপ্ত ২০২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, সর্বশেষ ব্যাংক ঋণের অবস্থান এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)।
২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত গোল্ডেন সানের অনুমোদিত মূলধন ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ১৭১ কোটি ৭৩ লাখ টাকা। পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ৪ কোটি ৯৩ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৭ কোটি ১৭ লাখ ২৯ হাজার ৭৭২। এর ৩০ দশমিক ২৯ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২১ দশমিক ৩৫ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৪৮ দশমিক ৩৬ শতাংশ শেয়ার রয়েছে।










