দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনটির সভাপতি পদে মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে একুশে টেলিভিশনের (ইটিভি) চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম পুনর্নির্বাচিত হয়েছেন। এছাড়া কাজী জাহেদুল হাসান সহসভাপতি ও জহিরুদ্দিন মাহমুদ মামুন কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন। আগামী দুই বছরের জন্য দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠনের নেতৃত্ব দেবেন তারা।
রাজধানীর বনানীর একটি হোটেলে গতকাল আয়োজিত অনুষ্ঠানে অ্যাটকোর দশম বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষে নতুন কমিটি নির্বাচনের জন্য ভোটগ্রহণ করা হয়। এতে বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলের মালিক ও প্রতিনিধিরা অংশ নেন। ভোটগ্রহণ ও গণনা শেষে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফল ঘোষণা করে।
নতুন কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন মোস্তফা কামাল, মোহাম্মদ মোসাদ্দেক আলী, মো. জসিম উদ্দিন, মো. লিয়াকত আলী খান মুকুল, টিপু আলম মিলন, মো. হাসান, নাভিদুল হক, শামীম ইসলাম ও সৈয়দ সামাদুল হক।
অ্যাটকো জানিয়েছে, এজিএমে সংগঠনের বিগত সময়ের কার্যক্রম, সাংগঠনিক অগ্রগতি, আর্থিক প্রতিবেদন এবং দেশের টেলিভিশন সম্প্রচার খাতের সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সদস্যদের মতামত ও প্রস্তাবের ভিত্তিতে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং টেলিভিশন শিল্পের উন্নয়নে করণীয় সম্পর্কে আলোচনা করা হয়। এছাড়া নবনির্বাচিত কমিটির নেতারা সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল, সদস্য টেলিভিশন চ্যানেলগুলোর স্বার্থ ও পেশাগত মর্যাদা রক্ষা এবং দেশের সম্প্রচার শিল্পের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।










