মুন্সিগঞ্জের সিরাজদিখানে ইছাপুরা উপশাখার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে সিটিজেনস ব্যাংক পিএলসি। এ উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি উপশাখাটির উদ্বোধন ঘোষণা করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলমগীর হোসেন। সিটিজেনস ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের এমডি আলমগীর হোসেন বলেন, ‘গ্রাহককেন্দ্রিক ব্যাংকিং সেবা ও দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাতে কৌশলগত সহায়তার মাধ্যমে টেকসই প্রবৃদ্ধিতে ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ সিটিজেনস ব্যাংক।’ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণ ও প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে অর্থায়ন, চলতি মূলধন, বাণিজ্য অর্থায়ন এবং ব্যবসায়িক পরামর্শসেবা দেয়ার আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাফিজুর রহমান ও মো. আবদুল লতিফসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় বিশিষ্ট ব্যক্তি, গ্রাহক, ব্যবসায়ী ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। এ সময় অতিথিরা তাদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, স্থানীয় আলুচাষীদের সহায়তায় ক্লাস্টারভিত্তিক কৃষিঋণ চালুর বিষয়েও আগ্রহ রয়েছে সিটিজেনস ব্যাংকের। এর মাধ্যমে চাষাবাদ পদ্ধতির উন্নয়ন ও উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি স্থানীয় কৃষি অর্থনীতির বিকাশ ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া ইছাপুরা উপশাখার মাধ্যমে আমানত পণ্য, ভোক্তা ঋণ, রেমিট্যান্স ও ডিজিটাল ব্যাংকিংসহ পূর্ণাঙ্গ রিটেইল ব্যাংকিং সেবা সম্প্রসারণের প্রতিশ্রুতিও দিয়েছে ব্যাংকটি।










