ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ভুক্ত দেশগুলোয় ২০২২ সালে যাত্রীবাহী গাড়ি নিবন্ধন বছরওয়ারি কমেছে ৪ দশমিক ৬ শতাংশ। গত বছরের প্রথমার্ধে যন্ত্রাংশস্বল্পতা গাড়ি বিক্রিতে প্রভাব ফেলেছে। ইইউর গাড়ি শিল্পের প্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠান ইউরোপিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (এসিইএ) এক বিবৃতিতে জানায়, গত বছর নতুন যাত্রীবাহী গাড়ি নিবন্ধন হয়েছে ৯৩ লাখ ইউনিট। ১৯৯৩ সালের পর যা সর্বনিম্ন।
বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ইইউর চার শীর্ষ গাড়ি বাজারের মধ্যে শুধু জার্মানিতে গাড়ি বিক্রি বেড়েছে। ইউরোপের শীর্ষ অর্থনীতির দেশটিতে ২০২২ সালে যাত্রীবাহী গাড়ি নিবন্ধন বেড়েছে ১ দশমিক ১ শতাংশ। ইতালিতে সর্বোচ্চ ৯ দশমিক ৭ শতাংশ পতন হয়েছে। এছাড়া ফ্রান্স ও স্পেনের বিক্রি কমেছে যথাক্রমে ৭ দশমিক ৮ ও ৫ দশমিক ৪ শতাংশ।
তবে ইতিবাচক খবর হলো, গত ডিসেম্বরে নতুন গাড়ির নিবন্ধন ১২ দশমিক ৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮ লাখ ৯৬ হাজার ৯৬৭ ইউনিট।










