অফশোর ব্যাংকিং ইউনিটের অর্জিত মুনাফা বা সুদের ওপর কোনো কর দিতে হবে না। গতকাল জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জারি করা প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, আদেশটি অবিলম্বে কার্যকর হবে। আয়কর আইন ২০২৩-এর ধারা ৭৬-এর উপ-ধারা (১) ক্ষমতাবলে এ অব্যাহতি দেয়া হয়েছে।

অফশোর ব্যাংকিংয়ের খসড়া আইনের দফা ১৩(ক)-তে বলা হয়েছে, অফশোর ব্যাংকিং ব্যবসায় অফশোর ব্যাংকিং ইউনিটের অর্জিত সুদ বা মুনাফার ওপর আয়কর বা অন্য কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ কর আরোপ করা যাবে না।

এর আগে সর্বজনীন পেনশন স্কিম চালু হওয়ার পর কর অব্যাহতি নিয়ে টানাপড়েন শুরু হয়েছিল। পেনশন স্কিমের আইন অনুযায়ী, স্কিমের টাকা কর অব্যাহতিপ্রাপ্ত। তবে আয়কর আইনের ক্ষমতাবলে যেসব খাত অব্যাহতিপ্রাপ্ত, সেই তালিকায় ছিল না সর্বজনীন পেনশন স্কিম। পরে এনবিআর এসআরও জারি করে সর্বজনীন পেনশন স্কিমকে অব্যাহতি দেয়।