বিদেশে ব্যবসা সম্প্রসারণ করতে চায় জাপানের বৃহত্তম রেস্তোরাঁ পরিচালনা প্রতিষ্ঠান জেনশো হোল্ডিংস। সেদিকে লক্ষ্য রেখেই ২০২৪ সালের মার্চ নাগাদ দেশটির বিদেশের মাটিতে স্টোরসংখ্যা ১০ হাজারে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে। খবর নিক্কেই এশিয়া।
পরিকল্পনা বাস্তবায়ন হলে জেনশোই প্রথম জাপানি রেস্তোরাঁ পরিচালনাকারী প্রতিষ্ঠান হবে, যাদের দেশের বাইরে ১০ হাজার স্টোর থাকবে। প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের মতো বাজারে আগের বছরের তুলনায় ৬০ শতাংশ বাড়াবে রেস্তোরাঁ সংখ্যা। চলতি বছরের মার্চ পর্যন্ত বিদেশে জেনশোর মোট ৫ হাজার ৭৮৯টি রেস্তোরাঁ ছিল। প্রতিষ্ঠানটি এ অর্থবছরের সুকিয়া ও ব্রিটিশ সুশি চেইন স্নোফক্স টপকোর অধীনে ৫৯৯টি স্টোর খুলতে চায়।
রেস্তোরাঁ অপারেটরটি মার্কিন প্রতিষ্ঠান অ্যাডভান্সড ফ্রেশ কনসেপ্টসের (এএফসি) সঙ্গে কাজ করবে। এএফসি স্টোর খুলবে যুক্তরাষ্ট্রের সুপার মার্কেটগুলোয়। প্রতিষ্ঠানটি সম্প্রসারণের পর দেশীয় দোকানের তুলনায় বিদেশী দোকানের সংখ্যা দাঁড়াবে দ্বিগুণ। মার্চের শেষে জাপানে জেনশোর ৪ হাজার ৫২৪টি স্টোরের মালিকানা ছিল। এ বছর আরো ১২৭টি আউটলেট খোলার পরিকল্পনা নিয়েছে।
বাজার গবেষণা প্রতিষ্ঠান ইউরোমনিটরের মতে, ২০২৭ সালে বৈশ্বিক রেস্তোরাঁর বাজার ৩ দশমিক ৮ ট্রিলিয়ন ডলারে উন্নীত হবে। ২০২২ সালের তুলনায় ৪০ শতাংশ বাড়বে বাজারের আকার। জাপানেও বাড়বে ব্যবসার আকার। তবে জেনশো তার বিদেশী কার্যক্রমের প্রধান ভিত্তি হিসেবে সুকিয়াকে সম্প্রসারণ করার পরিকল্পনা নিয়েছে।
খুব শিগগির ব্রাজিল ও মেক্সিকোর মতো বাজারে আরো স্টোর খুলতে চায় প্রতিষ্ঠানটি। ব্যবসায়িক সাফল্যের জন্য ভবিষ্যতে একীভূতকরণ ও অধিগ্রহণের কথাও বিবেচনা করা হচ্ছে।










