স্টিল প্লেট মিল কমপ্লেক্স ও বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) ব্যাটারির ধাতু কারখানায় ৬০০ কোটি ডলার বিনিয়োগ পেয়েছে সৌদি আরব। সম্প্রতি দেশটির শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্স।

খনি খাতে ৩ হাজার ২০০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা সৌদি আরবের। এরই ধারাবাহিকতায় স্টিল প্লেট মিল কমপ্লেক্স ও ইভির ব্যাটারির ধাতু কারখানায় মোট ৬০০ কোটি ডলার বিনিয়োগ পেয়েছে সৌদি। এ বিষয়ে সৌদির শিল্প ও খনিজ সম্পদমন্ত্রী বন্দর আলখোরায়েফ বলেন, মন্ত্রণালয়ের লক্ষ্য অনুযায়ী নয়টি খনির প্রকল্পের জন্য অর্থায়ন করা হবে। নয়টি প্রকল্পের মধ্যে রয়েছে জাহাজ তৈরি, জ্বালানি তেল ও গ্যাস, নির্মাণ এবং প্রতিরক্ষা খাতের জন্য ৪০০ কোটি ডলারের একটি স্টিল প্লেট মিল কমপ্লেক্স। পাশাপাশি ইভি ব্যাটারির ধাতু কারখানার জন্য ২০০ কোটি ডলার বিনিয়োগও প্রক্রিয়াধীন রয়েছে। গত মাসে লুসিড গ্রুপের সঙ্গে ১০ বছরে ৫০ হাজার থেকে ১ লাখ ইভি কেনার একটি চুক্তি স্বাক্ষর করে সৌদি সরকার।