তালিকাভুক্ত রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের জীবন বীমা তহবিলের আকার চলতি ২০২৩ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ৪৫ লাখ ৯০ হাজার টাকা কমেছে। আগের হিসাব বছরের একই সময়ে এ তহবিল ৩৫ লাখ ২০ হাজার টাকা বেড়েছিল। তবে চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) কোম্পানিটির জীবন বীমা তহবিল ১৩ লাখ ৪০ হাজার টাকা বেড়েছে। আগের হিসাব বছরের একই সময়ে এ তহবিল বেড়েছিল ১ কোটি ৮৮ লাখ ৯০ হাজার টাকা। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশিত কোম্পানিটির চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 

প্রতিবেদন অনুসারে, গত ৩০ জুন শেষে রূপালী লাইফ ইন্স্যুরেন্সের মোট জীবন বীমা তহবিলের আকার দাঁড়িয়েছে ৫০৬ কোটি ৯২ লাখ ৯০ হাজার টাকায়। আগের হিসাব বছরের একই সময় শেষে এ তহবিলের আকার ছিল ৫৩০ কোটি ৩৩ লাখ ৯০ হাজার টাকা। সে হিসাবে বছরের ব্যবধানে কোম্পানিটির জীবন বীমা তহবিল কমেছে ২৩ কোটি ৪১ লাখ টাকা। 

এদিকে গতকাল ডিএসইর মাধ্যমে কোম্পানিটির শেয়ারহোল্ডারদের জন্য সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে ১১ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করা হয়েছে। ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ২৬ সেপ্টেম্বর সকাল ১০টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ আগস্ট।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৮ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স। ২০২০ হিসাব বছরের জন্য মোট ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। এর মধ্যে ১৩ শতাংশ নগদ ও ২ শতাংশ স্টক লভ্যাংশ। ২০১৯ হিসাব বছরে কোম্পানিটি মোট ১৪ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ১২ শতাংশ নগদ ও ২ শতাংশ স্টক লভ্যাংশ। কোম্পানিটির শেয়ারহোল্ডাররা ২০১৮ হিসাব বছরের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন। আগের হিসাব বছরে ৮ শতাংশ নগদের পাশাপাশি ৪ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। 

২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত রূপালী লাইফের অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৩০ কোটি ১ লাখ ৪০ হাজার টাকা।

মোট শেয়ার সংখ্যা ৩ কোটি ১৪ হাজার ২৩৬। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৩২ দশমিক শূন্য ৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৪ দশমিক ৫৮ ও বাকি ৪৩ দশমিক ৩৫ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে। 

ডিএসইতে গতকাল রূপালী লাইফ শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ১৩৯ টাকা ২০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর ৬১ টাকা ৩০ থেকে ২৫৩ টাকা ৫০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।