পুঁজিবাজারে তালিকাভুক্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) আগের বছরের একই সময়ের তুলনায় আয় বাড়লেও মুনাফা কমেছে। আলোচ্য সময়ে কোম্পানিটির পরিচালন মুনাফা কমে যাওয়ায় কর-পরবর্তী নিট মুনাফাও উল্লেখযোগ্য পরিমাণে কমেছে।  গতকাল প্রকাশিত কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাব বছরের প্রথম নয় মাসে কোম্পানিটির মোট আয় হয়েছে ১ হাজার ৫৯৬ কোটি ২০ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির আয় ছিল ১ হাজার ৩৭২ কোটি ৯৭ লাখ টাকা। এ হিসাবে আলোচ্য সময়ে কোম্পানিটির আয় বেড়েছে ২২৩ কোটি ২২ লাখ টাকা বা ১৬ দশমিক ২৬ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১০২ কোটি ৩৬ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৫৯ কোটি ৬ লাখ টাকা। এ হিসাবে নয় মাসে প্রতিষ্ঠানটির নিট মুনাফা কমেছে ৫৬ কোটি ৬৯ লাখ বা ৩৫ দশমিক ৬৪ শতাংশ। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ১২ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭ টাকা ৯৬ পয়সা।

অন্যদিকে তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) অলিম্পিক ইন্ডাস্ট্রিজের আয় হয়েছে ৫৬১ কোটি ২ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪৪০ কোটি ৫ লাখ টাকা। তৃতীয় প্রান্তিকে কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩০ কোটি ২৪ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫১ কোটি ৬৮ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৫১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৫৯ পয়সা। ৩১ মার্চ ২০২২ শেষে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৫ টাকা ৯৩ পয়সা।