কর্মীদের ন্যূনতম বেতন বাড়িয়েছে ব্যাংক অব আমেরিকা (বিওএ)। সম্প্রতি মার্কিন বিনিয়োগ ব্যাংকটি ঘণ্টাপ্রতি ন্যূনতম বেতন ২২ ডলারে উন্নীত করেছে। ২০২৫ সাল নাগাদ এ বেতন ২৫ ডলারে উন্নীত করার প্রতিশ্রুতিতে আরো এক ধাপ এগিয়ে গেল ব্যাংকটি। খবর রয়টার্স।
সম্পদের দিক থেকে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক ২০১৭ সাল থেকেই ঘণ্টাপ্রতি ন্যূনতম বেতন বাড়িয়ে চলেছে। পাঁচ বছর আগে এ বেতনের পরিমাণ ছিল ১৫ ডলার। এ নিয়ে বেতন বাড়ানোর দিক থেকে শীর্ষে রয়েছে মার্কিন ব্যাংক খাত।
গত বছর ব্যাংকটি ২০২৫ সালের মধ্যে কর্মীদের ঘণ্টাপ্রতি বেতন অন্তত ২৫ ডলারে উন্নীত করার প্রতিশ্রুতি দেয়। বড় কোনো খুচরা ব্যাংকের ক্ষেত্রে এটিই সর্বোচ্চ ন্যূনতম মজুরি। পাশাপাশি ব্যাংকটি তার গ্রাহক প্রতিষ্ঠানেরও ঘণ্টাপ্রতি ন্যূনতম মজুরি ১৫ ডলার নির্ধারণে চাপ দিচ্ছে।
বিওএর মানবসম্পদ বিভাগের প্রধান শেরি ব্রনস্টেইন বলেন, বেতন ও অন্যান্য সুবিধা বাড়ানোর মাধ্যমে আমরা দুর্দান্ত কাজের পরিবেশ গড়ে তুলতে চেষ্টা করছি। এ পদক্ষেপ আমাদের সেরা প্রতিভাবান কর্মী আকৃষ্ট এবং ধরে রাখতে সহায়তা করবে। গত জানুয়ারি ব্যাংক অব আমেরিকা ৯৭ শতাংশ কর্মীকে বিশেষ আর্থিক সুবিধা দিয়েছে।










