তিনি বর্তমানে নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) গণিত ও পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অধ্যাপক মামুন মোল্লা ২০১১ সালের সেপ্টেম্বরে এনএসইউতে যোগ দেন। তিনি এনএসইউর স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেসের (এসইপিএস) রিসার্চ কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটেশনাল ফ্লুইড ডায়নামিকস (সিএফডি) ও হাই-পারফরম্যান্স কম্পিউটিং (এইচপিসি) গবেষণা দলের নেতৃত্ব দিচ্ছেন।

২০১৯ সালে বাংলাদেশ বিজ্ঞান একাডেমির অ্যাসোসিয়েট ফেলো নির্বাচিত হন অধ্যাপক মামুন মোল্লা। এবার ফেলো নির্বাচিত হওয়াকে তার দীর্ঘদিনের গবেষণা ও আন্তর্জাতিক পর্যায়ের একাডেমিক অবদানের স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।

ড. মামুন মোল্লার গবেষণার প্রধান ক্ষেত্র কম্পিউটেশনাল ফ্লুইড ডায়নামিকস ও হাই-পারফরম্যান্স কম্পিউটিং। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতক ও অ্যাপ্লায়েড ম্যাথমেটিকসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে গণিতে এমফিল ডিগ্রি লাভ করেন। কর্মজীবনের শুরুতে তিনি বুয়েটের গণিত বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন।

মামুন মোল্লা ২০০৫ সালে ওভারসিজ রিসার্চ স্কলারশিপ (ওআরএস) পেয়ে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব গ্লাসগোতে কম্পিউটেশনাল ফ্লুইড ডায়নামিকস বিষয়ে পিএইচডি শুরু করেন এবং ২০০৯ সালের জুলাইয়ে তা সম্পন্ন করেন। এরপর ২০০৯ সালের অক্টোবর থেকে ২০১১ সালের আগস্ট পর্যন্ত কানাডার ইউনিভার্সিটি অব ম্যানিটোবায় কম্পিউটেশনাল ফ্লুইড ডায়নামিকস ও হাই-পারফরম্যান্স প্যারালাল কম্পিউটিং বিষয়ে পোস্ট ডক্টরাল রিসার্চ ফেলো হিসেবে কাজ করেন।

গুগল স্কলারে ড. মামুন মোল্লার গবেষণাকর্ম প্রায় ৩ হাজার ৯০০ বার উদ্ধৃত হয়েছে। গবেষণায় অবদানের স্বীকৃতি হিসেবে ২০২১ ও ২০২৩ সালে তিনি এনএসইউর রিসার্চ এক্সিলেন্স অ্যাওয়ার্ড লাভ করেন। ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির তালিকায় বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর মধ্যেও স্থান পান তিনি। এছাড়া আন্তর্জাতিক জার্নাল ও সম্মেলনের কার্যবিবরণীতে তার দুই শতাধিক পিয়ার-রিভিউড গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।