আবারো নিজেদের পণ্যের দাম বাড়ানোর কথা ভাবছে স্ন্যাকস ও বেভারেজ জায়ান্ট পেপসিকো। একাধিকবার মূল্যবৃদ্ধির পরও চাহিদা না কমায় আগামী বছর থেকে পুনরায় দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। পাশাপাশি ২০২৩ সালে টানা তৃতীয়বারের মতো আয়ের পূর্বাভাসও বাড়িয়েছে পেপসিকো। খবর রয়টার্স।

কোম্পানিটির প্রধান অর্থনৈতিক কর্মকর্তা হিউ জনস্টন রয়টার্সকে সম্প্রতি বলেন, ‘‌আগামী বছর আমাদের পণ্যের দাম পরিমিত পরিমাণ বাড়ানো হবে।’

তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) প্রাক্কলনের চেয়ে মুনাফা বেশি হওয়ায় দিনের শুরুতে কোম্পানিটির শেয়ার মূল্যও প্রায় ২ শতাংশ বেড়েছে। একাধিকবার দাম বাড়ানোর কারণে বাজারে চাহিদা কমার আশঙ্কা তৈরি হলেও ভোক্তাপণ্য ফার্মগুলো থেকে প্রাপ্ত হিসেবে দেখা গেছে প্রান্তিকওয়ারি আয় বেড়েছে। সেপ্টেম্বরে শেষ হওয়া প্রান্তিকে গড় মূল্য ১১ শতাংশ পর্যন্ত বেড়েছে। যেখানে অর্গানিক বৃদ্ধি কমেছে ২ দশমিক ৫ শতাংশ।

পেপসিকো ও প্রতিদ্বন্দ্বী কোকা-কোলা বিশ্বব্যাপী কার্বনেটেড পানীয় বাজারে তাদের আধিপত্য থেকে লাভবান হয়েছে। সেই সঙ্গে সচেতন ভোক্তারা সাশ্রয়ী বিলাসিতা পণ্যগুলোয় ব্যয় করছে।