থ্রি-আই এএমসিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড নামের ২৫ কোটি টাকার একটি বে-মেয়াদি মিউচুয়াল ফান্ডের আবেদন আজ শুরু হচ্ছে। চলবে আগামী ৬ মার্চ পর্যন্ত। ফান্ডটির উদ্যোক্তা থ্রি-আই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। প্রতিষ্ঠানটি ফান্ডের ১০ শতাংশ জোগান দিচ্ছে। 

রাজধানীর পল্টনে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে গতকাল এ তথ্য জানান কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইস্তাক আহমেদ শিমুল। এ সময় উপস্থিত ছিলেন সিএমজেএফের সভাপতি গোলাম সামদানী ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আবু আলী।

থ্রি-আই এএমসিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কাস্টোডিয়ানের দায়িত্বে আছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড।

ফান্ডের প্রতি ইউনিটের দাম ১০ টাকা। একজন ব্যক্তি বিনিয়োগকারী কমপক্ষে ৫ হাজার টাকা বিনিয়োগ করতে পারবেন। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ক্ষেত্রে সর্বনিম্ন বিনিয়োগের পরিমাণ নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা।