ভিয়েতনামের অর্থনীতি চলতি বছরের তৃতীয় প্রান্তিকে গতি ফিরে পেয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৩৩ শতাংশ সম্প্রসারণ হয়েছে দেশটির অর্থনীতি। কভিড-১৯ মহামারী-পরবর্তী সময়ে পর্যটন খাতের পুনরুদ্ধার এ ক্ষেত্রে অবদান রেখেছে। খবর নিক্কেই এশিয়া। 

দেশটির প্রবৃদ্ধির হার এখনো প্রাক-মহামারী স্তর থেকে ৬ থেকে ৭ শতাংশ নিচে রয়েছে। দেশটির সরকার ৬ দশমিক ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যদিও তা অর্জনের সম্ভাবনা কম। 

২০২২ সালের দ্বিতীয়ার্ধে দেশটির অর্থনৈতিক গতি মন্থর ছিল। অভ্যন্তরীণ আবাসন বাজারে প্রতিবন্ধকতা ও বিশ্বব্যাপী চাহিদা কমে যাওয়ায় রফতানিও কমে আসে। তবে চলতি বছরের এপ্রিল-জুনে প্রবৃদ্ধি সামান্য বেড়ে ৪ দশমিক ৫ শতাংশে উন্নীত হয়েছে।

পরিষেবা খাত তৃতীয় প্রান্তিকে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শিল্পোৎপাদন খাতে পুনরুদ্ধারের সম্ভাবনা থাকলেও অর্থনীতিবিদরা সতর্ক করেছে শিল্পোৎপাদন খাতে পুনরুদ্ধার দুর্বলতার মুখোমুখি হতে পারে।

 কিছু অর্থনীতিবিদ ২০২৩ সালে ভিয়েতনামের জন্য তাদের প্রবৃদ্ধির পূর্বাভাসও সংশোধন করেছেন। দেশটির অর্থনৈতিক ভবিষ্যৎ এখনো অনিশ্চিত রয়েছে। ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মতো বাজারে দুর্বল চাহিদার কারণে রফতানিকারকরা প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছে।