এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ৮৫ জন নারী উদ্যোক্তার অংশগ্রহণে সপ্তমবারের মতো ক্রেতা বিক্রেতা সম্মেলন ও পণ্য মেলা ২০২৩ উদ্বোধন করেছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।

বুধবার (৪ অক্টোবর) আগারগাঁওয়ের বাংলাদেশ ইনস্টিটিউটে সপ্তম ক্রেতা বিক্রেতা সম্মেলন ও পণ্য মেলা উদ্বোধন করেন তিনি। মেলা চলবে বৃহস্পতিবার পর্যন্ত।

মেলায় দেশের বিভিন্ন প্রান্তের ৮৫জন সম্ভাবনাময় নারীসহ এসএসই ফাউন্ডেশন দেশের ঐতিহ্যবাহী বিভিন্ন পণ্য নকশিকাঁথা, পার্বত্য চট্টগ্রামের কোমর তাঁত, মনিপুরী তাঁত, কুষ্টিয়ার কুমারখালির বেড সিট, পাবনা শাহজাদপুরের গামছা, টাঙ্গাইলের শাড়ী, মানিকগঞ্জের ঘিওরের বাঁশ ও বেত, পটুয়াখালীর বাউফলের মৃৎ শিল্প নিয়ে অংশগ্রহণ করেছেন।  এসএমই ফাউন্ডেশনের এই আয়োজন দেশের নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের বাজার সংযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছেন এসএমই কর্মকর্তারা।

শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, ক্রেতা বিক্রেতা সম্মেলন ও পণ্য মেলা ২০২৩ এসএমই ফাউন্ডেশনের একটি সময়োপযোগী আয়োজন। এই সম্মেলনর মাধ্যমে আমাদের দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণ হবে বলে আশা করেন তিনি ।

তিনি বলেন, দেশের কর্মজীবী নারীদের একটা বিশাল অংশ এসএমই খাতের সঙ্গে যুক্ত। তাদেরকে প্রশিক্ষণ দিয়ে ঘরে ঘরে ছোট ছোট শিল্প গড়ে তোলার জন্য নিরলস কাজ করছে এসএমই ফাউন্ডেশন। এসএমই উদ্যোক্তাদের জন্য ডিসপ্লে সেন্টার তৈরি করাসহ ফাউন্ডেশনকে আরো গতিশীল করার লক্ষ্যে এসএমই ফাউন্ডেশনের জন্য প্রয়োজনীয় অর্থসহ একটি জায়গা বা প্লট বরাদ্দ দেয়ার বিষয় শিল্প মন্ত্রণালয়ের নজরে রয়েছে বলেও জানান শিল্প প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাকিয়া খানম, এফবিসিসিআইয়ের সহ-সভাপতি শমী কায়সার এবং ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান, এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক ফারজানা খানসহ অনেকে।