উচ্চ আদালতের আদেশে এনভয় টেক্সটাইলস লিমিটেডের বিশেষ সাধারণ সভা (ইজিএম) স্থগিত করা হয়েছে। আগামীকাল সোমবার (২৯ জানুয়ারি) সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর (এমডি) ও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) নিয়োগ দেয়ার জন্য এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত সভাটি স্থগিত থাকবে। কোম্পানিটির এক মূল্য সংবেদশীল তথ্যে বিষয়টি জানা গেছে।

আদালত সূত্রে জানা গেছে, আপিল বিভাগের আদেশের পরিপ্রেক্ষিতে এ বছরের ২৯ জানুয়ারি ইজিএমের তারিখ নির্ধারণ করে এনভয় টেক্সটাইলস। তবে ইজিএমের কিছু এজেন্ডার বিষয়ে আপত্তি থাকায় রোববার (২৮ জানুয়ারি) হাইকোর্টে ইজিএম স্থগিতের বিষয়ে আবেদন করেন এনভয় টেক্সটাইলসের পরিচালক ব্যারিস্টার শেহরীন সালাম ঐশী।

এ বিষয়ে হাইকোর্টের আদেশে ৩০ জানুয়ারি পর্যন্ত ইজিএম স্থগিত করে শুনানি করার কথা বলা হয়েছিল। তবে এ আদেশের বিরুদ্ধে আজ এনভয় টেক্সটাইলসের আইনজীবীরা চেম্বার আদালতে সিভিল মিসসেলনাস আপিল দায়ের করেন। শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি এম ইনায়েতুর রহিম ইজিএম স্থগিত করে বিষয়টি ৩০ জানুয়ারি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, গত বছরের মার্চে হাইকোর্টের কোম্পানি বেঞ্চের পর্যবেক্ষণে কোম্পানি আইন ও শুল্ক আইন লঙ্ঘনের দায়ে আবদুস সালাম মুর্শেদীকে এনভয় টেক্সটাইলের এমডি পদে থাকার অযোগ্য বলে অভিহিত করা হয়েছিল। পরবর্তীতে এ রায়ের বিরুদ্ধে তিনি আপিল করেন। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ এ আপিল খারিজ করে দিয়ে হাইকোর্টের রায় বহাল রাখেন। পরে আপিল বিভাগের আদেশে কোম্পানিটি ২৯ জানুয়ারি ইজিএমের তারিখ নির্ধারণ করে। 

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটির আয় হয়েছে ৬৯০ কোটি ৯৫ লাখ টাকা, গত বছরের একই সময়ে যা ছিল ৫৪৯ কোটি ৯৬ লাখ টাকা। সে তুলনায় কোম্পানিটির আয় বেড়েছে ২৫ দশমিক ৬৪ শতাংশ। এছাড়া চলতি হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২৪ কোটি ২৭ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২০ কোটি ৫৯ লাখ টাকা। সে হিসাবে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ১৭ দশমিক ৮৭ শতাংশ। 

চলতি হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ২৩ পয়সা। গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ৪১ টাকা ১ পয়সায়। 

সমাপ্ত ২০২৩ হিসাব বছরের জন্য ঘোষিত ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ১৩ মার্চ বেলা ১১টায় রাজধানীর কলাবাগানে এনভয় টাওয়ারে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। সভায় বিনিয়োগকারীরা অনলাইনেও যুক্ত হতে পারবেন। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৯৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৯৯ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির এনভিপিএস দাঁড়িয়েছে ৩৮ টাকা ৫৭ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ৩৮ টাকা ২১ পয়সা।

এনভয় টেক্সটাইলসের পর্ষদ ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৯৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫৬ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৩৮ টাকা ২১ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ৩৭ টাকা ৭৯ পয়সা।

রফতানিমুখী পরিবেশবান্ধব এনভয় টেক্সটাইলস ২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে কোম্পানিটির অনুমোদিত মূলধন ৪৭৫ কোটি ও পরিশোধিত মূলধন ১৬৭ কোটি ৭৩ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৩৬১ কোটি ৯৯ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১৬ কোটি ৭৭ লাখ ৩৪ হাজার ৭৬৭।