চীনের শীর্ষ জ্বালানি তেল সরবরাহকারী দেশ সৌদি আরব। রাশিয়া থেকে আমদানি বাড়ানোর পর থেকে সৌদি আরব থেকে আমদানি কমিয়ে দিয়েছে চীন। চলতি বছরের তৃতীয় প্রান্তিকেও দেশটি থেকে আমদানিতে নিম্নমুখী ধারা বজায় থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা। চীনের শুল্ক বিভাগ জানায়, জুলাইয়ে সৌদি আরব থেকে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি কমে ১৩ মাসের সর্বনিম্নে নেমেছে। খবর রয়টার্স।
এদিকে জুলাইয়ে রাশিয়া থেকেও দেশটির আমদানি কমার খবর পাওয়া গেছে। মূলত রফতানিকারক দেশগুলোর জোট ওপেক প্লাসের উত্তোলন কমিয়ে আনার সিদ্ধান্ত এক্ষেত্রে প্রভাবকের ভূমিকা পালন করছে। জোটের বাইরে সৌদি আরব স্বেচ্ছায় দৈনিক ১০ লাখ ব্যারেল করে জ্বালানি তেল উত্তোলন কমানোর সিদ্ধান্ত নিয়েছে।
শুল্ক বিভাগের তথ্যমতে, জুলাইয়ে চীন সৌদি আরব থেকে ৫৬ লাখ ৫০ হাজার টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করে, যা দৈনিক ১৩ লাখ ৩০ হাজার ব্যারেলের সমপরিমাণ। ২০২২ সালের জুনের পর এটিই সর্বনিম্ন আমদানি।










