তালিকাভুক্ত পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য ঘোষিত ৩ শতাংশ স্টক লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণে সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ সম্মতি পাওয়ার পর গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে ঘোষিত স্টক লভ্যাংশ নির্ধারণসংক্রান্ত রেকর্ড ডেট ঠিক করা হয়েছে আগামী ৬ আগস্ট। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ১০ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছে। এর মধ্যে ৭ শতাংশ নগদ ও ৩ শতাংশ স্টক লভ্যাংশ। ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ৩ সেপ্টেম্বর বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভার (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ১০ জুলাই।
নিরীক্ষিত প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২২ হিসাব বছরে পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৪ পয়সা। এর আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৩৭ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১৩ টাকা ৬৯ পয়সায়। এর আগের হিসাব বছর শেষে যা ছিল ১৩ টাকা ৩৭ পয়সায়।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে পূরবী জেনারেল ইন্স্যুরেন্স। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও বাকি ৫ শতাংশ স্টক লভ্যাংশ। এর আগে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল পূরবী জেনারেল ইন্স্যুরেন্স।
এদিকে সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩০ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৬ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৩ টাকা ৯৯ পয়সায়। কোম্পানিটি চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করতে ৩০ জুলাই বেলা ৩টায় পর্ষদ সভা আহ্বান করেছে।
ডিএসইতে গতকাল পূরবী জেনারেল ইন্স্যুরেন্স শেয়ারের সর্বশেষ ও সমাপনী শেয়ারদর ছিল ২৮ টাকা ৮০ পয়সা।










