পুঁজিবাজারে তালিকাভুক্ত সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পর্ষদ সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে। গতকাল অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভা থেকে আলোচ্য হিসারের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশের সুপারিশ করা হয়। এক মূল্যসংবেদনশীল তথ্যে এ সিদ্ধান্ত জানিয়েছে বীমা খাতের কোম্পানিটি।

আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২২ হিসাব বছরে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৪১ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৯ টাকা ৪৮ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ৪৯ টাকা ৩৫ পয়সায়।

এদিকে ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ২৮ মে বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ এপ্রিল। 

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের ১৮ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৪১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৩ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৯ টাকা ৩৫ পয়সায়।