সম্ভাবনাময় উদ্যোক্তাদের নিজস্ব ব্যবসায়িক ধারণা সরাসরি বিনিয়োগকারীদের
কাছে উপস্থাপন করে ব্যবসা পরিচালনার জন্য নগদ অর্থ বুঝে নেয়ার সুযোগ করে দিচ্ছে ‘শার্ক
ট্যাংক বাংলাদেশ’।
উদ্যোক্তাদের ধারণায় যারা বিনিয়োগ করবেন, তাদের বলা হচ্ছে শার্ক।
আয়োজকরা জানিয়েছেন, এরই মধ্যে ছয়জন শার্ক যুক্ত হয়েছেন এ উদ্যোগে। শনিবার (১০ ফেব্রুয়ারি)
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শার্কদের নাম ঘোষণা করেন আয়োজকরা।
উপস্থাপিত ব্যবসায়িক ধারণাটি পছন্দ হলে একটি চুক্তির মাধ্যমে উদ্যোক্তাদের
নগদ অর্থ প্রদান করবেন বিনিয়োগকারীরা। পুরো প্রক্রিয়াটি সম্প্রচারিত হবে টিভি চ্যানেলে।
শার্ক ট্যাংক নামে পরিচিত এ ব্যবসায়িক রিয়েলিটি শো পৃথিবীর বিভিন্ন
দেশে পরিচালিত হয়ে আসছে। টেলিকম কোম্পানি রবির সহায়তায় সনি পিকচার এন্টারটেইনমেন্টের
সঙ্গে চুক্তি করে সেই শো বাংলাদেশে নিয়ে এসেছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ।
শার্ক ট্যাংক বাংলাদেশ—সিজন ১ এর শার্করা হলেন; স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের
(এসবিএল) ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা সামি আহমেদ, অ্যাডকম হোল্ডিং
গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজিম ফারহান চৌধুরী, ম্যাজেস্টো লিমিটেডের ব্যবস্থাপনা
পরিচালক গোলাম মুর্শেদ, একেএস খান হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামানজার
খান, বিডিজবস ডট কমের ব্যবস্থাপনা পরিচালক ফাহিম মাশরুর এবং তিস্তা সায়েন্স অ্যান্ড
টেকনোলজি কর্পোরেশনের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান আহমেদ আলী। এ শার্করা ছাড়াও প্রতিটি
শোতে শার্ক ট্যাংক বাংলাদেশে আরো একাধিক বিনিয়োগকারী যুক্ত হবেন।
কোনো উদ্যোক্তার কাছে নতুন কোনো পণ্যের প্রোটোটাইপ, বিদ্যমান পণ্য
বা পরিষেবা অথবা ব্যবসা বৃদ্ধির পরিকল্পনা থাকলে সেসব ধারণা দিয়ে শার্কদের সন্তুষ্ট
করতে পারলেই নগদ বিনিয়োগ করবেন শার্করা।
রিয়েলিটি শোটির প্রথম সিজনের জন্য আয়োজকরা গত বছরের নভেম্বরে উদ্যোক্তাদের
থেকে আবেদন নিতে শুরু করেন। প্রায় ২ হাজার আবেদন যাছাই-বাছাই শেষে মনোনীতদের নিয়ে শুটিং
করতে যাচ্ছেন তারা। আগামী ১২ ফেব্রুয়ারি থেকে এ শোয়ের শুটিং শুরু হবে। শুটিং শেষে শিগগিরই
বেসরকারি টিভি চ্যানেল দীপ্ত টিভিতে সম্প্রচার করা হবে এ রিয়েলিটি শোটি। এটি প্রযোজনায়
সরাসরি নির্দেশনা দেবেন আর্চ ডাইসন ও কেভিন হাইল্যান্ড। তারাই পৃথিবীর বিভিন্ন দেশে
শোটির বিভিন্ন সংস্করণ তৈরি ও তত্ত্বাবধানে সহায়তা করে আসছেন।










