ইউক্রেনে বাড়তির দিকে রয়েছে গমের রফতানি মূল্য। সর্বশেষ সপ্তাহে দেশটিতে প্রতি টন গমের রফতানি মূল্য সর্বোচ্চ ৬ ডলার বেড়েছে। মূলত বাড়তি রফতানি চাহিদা কৃষ্ণসাগরীয় অঞ্চলের এ দেশটিতে কৃাষপণ্যটির রফতানি মূল্য বেড়ে যাওয়ার পেছনে প্রভাবক হিসেবে কাজ করেছে। খবর রয়টার্স ও এগ্রিমানি।

কৃষিপণ্যবিষয়ক ইউক্রেনীয় পরামর্শক প্রতিষ্ঠান এপিকে-ইনফর্মের এক নোটে বলা হয়েছে, সর্বশেষ সপ্তাহে ইউক্রেনে ফ্রি অন বোর্ড চুক্তিতে ১২ দশমিক ৫ শতাংশ প্রোটিনসমৃদ্ধ রফতানিযোগ্য প্রতি টন ব্ল্যাক সি ক্যাটাগরির গম ২০৪-২০৭ ডলারের মধ্যে বিক্রি হয়েছে। আগের সপ্তাহের তুলনায় কৃষিপণ্যটির রফতানি মূল্য টনে ৫ ডলার বেড়েছে।

একইভাবে ইউক্রেনের বাজারে সর্বশেষ সপ্তাহে ফ্রি অন বোর্ড চুক্তিতে ১১ দশমিক ৫ শতাংশ প্রোটিনসমৃদ্ধ রফতানিযোগ্য প্রতি টন ব্ল্যাক সি ক্যাটাগরির গম ২০৩-২০৬ ডলারের মধ্যে বিক্রি হয়েছে। আগের সপ্তাহের তুলনায় কৃষিপণ্যটির রফতানি মূল্য টনে সর্বোচ্চ ৬ ডলার বেড়েছে।

ইউক্রেন বিশ্বের সপ্তম শীর্ষ গম উৎপাদনকারী দেশ। কৃষিপণ্যটির রফতানিকারকদের বৈশ্বিক শীর্ষ তালিকায় দেশটি পঞ্চম অবস্থানে রয়েছে। গত বছর দেশটিতে রেকর্ড ৭ কোটি ৫১ লাখ টন গম উৎপাদন হয়েছে। তবে প্রতিকূল আবহাওয়ার জের ধরে চলতি বছর দেশটিতে কৃষিপণ্যটির উৎপাদন কমে সাত কোটি টনে নেমে আসার সম্ভাবনা রয়েছে।

২০১৯ সালে ইউক্রেন থেকে মোট ২ কোটি ৫ লাখ টন গম রফতানি হয়েছিল, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। উৎপাদনে মন্দা ভাবের কারণে চলতি বছর ইউক্রেন থেকে কৃষিপণ্যটির রফতানি ১৪ শতাংশের বেশি কমে ১ কোটি ৭৫ লাখ টনে নেমে আসতে পারে।