রুশ বাজার থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়েছে মার্সিডিজ বেঞ্জ। জার্মান বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, শিল্প ও আর্থিক পরিষেবা সম্পর্কিত সাবসিডিয়ারি সংস্থাগুলোর অংশীদারত্ব স্থানীয় বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে দেয়া হবে।
রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে আগ্রাসনের পরিপ্রেক্ষিতে আরোপিত জাপান ও পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার সঙ্গে সংগতি রেখে রাশিয়া থেকে বেরিয়ে আসছে বিভিন্ন প্রতিষ্ঠান। স্থানীয় সাবসিডিয়ারি প্রতিষ্ঠানের শেয়ারগুলো গাড়ি ডিলার চেইন অ্যাভটোডমের কাছে বিক্রি করে দেবে মার্সিডিজ বেঞ্জ। গত মার্চ থেকেই রাশিয়ায় সংস্থাটির কার্যক্রম স্থগিত রয়েছে। এর আগে চলতি মাসের মাঝামাঝিতে মাত্র ১ ইউরোর বিনিময়ে দেশটিতে থাকা কার্যক্রম বিক্রি করে দেয় নিশান। এছাড়া ফরাসি গাড়ি নির্মাতা রেনোঁও ১ রুবলের বিনিময়ে রুশ অ্যাভটোভাজের কাছে অংশীদারত্ব বিক্রি করে দেয়।
সংস্থাটির প্রধান অর্থ কর্মকর্তা হ্যারান্ড উইলহেম বলেন, এ লেনদেন গ্রুপের মুনাফা ও আর্থিক অবস্থানের ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে না। লেনদেন চূড়ান্ত হওয়ার বিষয়টি কর্তৃপক্ষের অনুমোদন এবং চুক্তিতে সম্মত শর্তাবলি বাস্তবায়নের ওপর নির্ভর করছে। চুক্তি অনুযায়ী নিশান ও রেনোঁ উভয়ই ছয় বছরের মধ্যে আবারো সেই অংশীদারত্ব কিনতে পারবে। রাশিয়ার একটি স্থানীয় দৈনিক একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, মার্সিডিজ বেঞ্জের চুক্তিতে অনুরূপ ধারা অন্তর্ভুক্ত থাকতে পারে।
জার্মান গাড়ি নির্মাতার একজন মুখপাত্র বলেন, রুশ কার্যক্রম বিক্রি করে দেয়া হলেও রুশ ট্রাক নির্মাতা কামাজে ১৫ শতাংশ অংশীদারত্ব অব্যাহত থাকবে।










