টানা ছয় কার্যদিবস ঊর্ধ্বমুখিতা পরিলক্ষিত হচ্ছে দেশের পুঁজিবাজারে। এর মধ্যে গতকাল ৬ হাজার ৫০০ পয়েন্টের মনস্তাত্ত্বিক সীমা ছাড়িয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স। অবশ্য এদিন এক্সচেঞ্জটির দৈনিক লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে। দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল সূচক বাড়লেও দৈনিক লেনদেনের পরিমাণ কমেছে।
বাজার বিশ্লেষকরা বলছেন, বেশ কয়েকদিন ধরেই পুঁজিবাজারে বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার কেনার প্রবণতা দেখা যাচ্ছে। মূলত দেশের সামষ্টিক বেশকিছু সূচকে উন্নতি বিশেষ করে ডলারের বিনিময়মূল্যে স্থিতিশীলতা, জ্বালানি তেলের মূল্যহ্রাস, আমদানি কমে যাওয়া ও বিদ্যুৎ সরবরাহে স্থিতিশীলতার কারণে বিনিয়োগকারীদের মধ্যে আত্মবিশ্বাস ফিরে আসতে শুরু করেছে। এতে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ছে। ফলে সূচকের পাশাপাশি পুঁজিবাজারে টাকার অংকে বড় লেনদেন দেখা যাচ্ছে। গতকাল প্রায় চার মাস পর ৬ হাজার ৫০০ পয়েন্টের মনস্তাত্ত্বিক সীমা ছাড়িয়েছে সূচক।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল সকাল সাড়ে ৯টায় লেনদেন শুরুর পর থেকেই সূচক ঊর্ধ্বমুখী ছিল। সকাল ১০টা ৮ মিনিটে কিছুটা নিম্নমুখী হলেও দিনশেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স ৫১ পয়েন্ট বেড়েছে। সূচকটির বর্তমান অবস্থান ৬ হাজার ৫০৯ পয়েন্টে। আগের কার্যদিবসে যা ছিল ৬ হাজার ৪৫৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইর ব্লু-চিপ সূচক ডিএস-৩০ গতকাল ২৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩০৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের দিন শেষে যা ছিল ২ হাজার ২৮৩ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিন শেষে ১১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪০৯ পয়েন্টে অবস্থান করছে। আগের দিন শেষে যা ছিল ১ হাজার ৩৯৯ পয়েন্টে। গতকাল সূচকের উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা ছিল বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, কোহিনূর কেমিক্যালস কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড, দি একমি ল্যাবরেটরিজ, ইস্টার্ন হাউজিং ও সাইফ পাওয়ারটেক লিমিটেডের শেয়ারের।
ডিএসইতে গতকাল ১ হাজার ৮৮৯ কোটি টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। যেখানে এর আগের কার্যদিবসে লেনদেন ছিল ২ হাজার ৫ কোটি কোটি টাকা। গতকাল এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩৮১টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ১৭২টির, কমেছে ১৩১টির আর অপরিবর্তিত ছিল ৭৮টি সিকিউরিটিজের বাজারদর।
খাতভিত্তিক লেনদেন চিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ১৪ দশমিক ৮ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে ওষুধ ও রসায়ন খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১৩ দশমিক ৫ শতাংশ দখলে নিয়েছে বস্ত্র খাত। ১২ দশমিক ৫ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে বিবিধ খাত। মোট লেনদেনের ১১ শতাংশের ভিত্তিতে চতুর্থ অবস্থানে ছিল প্রকৌশল খাত। আর সিমেন্ট খাতের দখলে ছিল লেনদেনের ৫ দশমিক ৮ শতাংশ। গতকাল পুঁজিবাজারে পাট খাতে সবচেয়ে বেশি ৭ দশমিক ২ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে। অন্যদিকে সবচেয়ে বেশি নেতিবাচক রিটার্ন ছিল আর্থিক প্রতিষ্ঠান খাতে শূন্য দশমিক ৭ শতাংশ।
সিএসইর নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ৯১ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৪৮১ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের কার্যদিবসে যা ছিল ১১ হাজার ৩৯০ পয়েন্টে। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই গতকাল ১৫০ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ১৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের কার্যদিবসে সূচকটির অবস্থান ছিল ১৯ হাজার ৬ পয়েন্টে। এ দিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩১১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫০টির, কমেছে ১০৬টির আর অপরিবর্তিত ছিল ৫৫২টির বাজারদর। গতকাল সিএসইতে ৬৫ কোটি ৬০ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৭০ কোটি ৯০ লাখ টাকা।










