জহরতে অলংকৃত ডিম আকৃতির শিল্পকর্ম ফাবের্ঝে এগ। ১৮ শতকের রুশ অলংকারশিল্পী পিটার কার্ল ফাবের্ঝে এর পথিকৃৎ। ব্যক্তিগত মালিকানায় থাকা ফাবের্ঝে ডিমগুলোর একটি সম্প্রতি নিলামে ২ কোটি ২২ লাখ ৯০ হাজার পাউন্ড বা ৩ কোটি ২ লাখ ডলারের সমপরিমাণ অর্থে বিক্রি হয়েছে। কোনো শিল্পকর্মের নিলামে রুশ জুয়েলারি হিসেবে এটি নতুন রেকর্ড।

২৩ বছরেরও বেশি সময় কোনো ইম্পেরিয়াল এগ নিলামে ওঠেনি। সেন্ট পিটার্সবার্গের ফাবের্ঝে হাউজ মোট ৫০টি অলংকৃত ডিম তৈরি করেছিল; এর মধ্যে মাত্র সাতটি এখনো ব্যক্তিগত সংগ্রহে রয়েছে। বাকি ডিমগুলো হারিয়ে গেছে অথবা জাদুঘর ও প্রতিষ্ঠানের সংগ্রহে রয়েছে।

১৯১৩ সালে জার দ্বিতীয় নিকোলাস উপহার হিসেবে উইন্টার এগটি দেন মাকে। সেটিই লন্ডনের ক্রিস্টি’জ নিলাম ঘরে ৩ মিনিটের বিডিংয়ে এক অজ্ঞাত ব্যক্তি কিনে নেন। বিক্রয়মূল্য পূর্বাভাসকৃত ২ কোটি পাউন্ডকেও ছাড়িয়ে গেছে। ক্রিস্টি’জের ফাবের্ঝে ও রুশ শিল্পকর্ম বিভাগের প্রধান মার্গো ওগানেসিয়ান বলেন, ‘নতুন রেকর্ড এ শিল্পকর্মের স্থায়ী গুরুত্ব, এর দুষ্প্রাপ্যতা ও শিল্পসৌন্দর্য আবারো প্রমাণ করল।’

১৮৮৫-১৯১৬ সালের মধ্যে সম্রাট দ্বিতীয় নিকোলাস ও তার পূর্বসূরি তৃতীয় আলেকজান্ডারের পরিবারের সদস্যদের ইস্টার উপহার হিসেবে দিতেন অলংকৃত ডিম। প্রতিটি ডিম তৈরিতে সময় লাগত প্রায় এক বছর। সাধারণত একটি ডিম পৌঁছে দেয়ার পরই পরবর্তীটির অর্ডার করা হতো।

নিলামে ওঠা স্বচ্ছ কোয়ার্টজ দিয়ে তৈরি ডিমটি যেন একখণ্ড বরফ। বাইরের অংশ প্লাটিনাম ও ৪ হাজার ৫০০টি রোজ-কাট হীরা দিয়ে সজ্জিত। ভেতরে রয়েছে ফাবের্ঝের সিগনেচার চমক ক্ষুদ্র ঝুলন্ত ফুলদানি, যাতে রাখা হোয়াইট কোয়ার্টজ, নেফ্রাইট ও গারনেট দিয়ে তৈরি ফুল। ডিমটি নকশা করেছিলেন নারী অলংকারশিল্পী আলমা পিল, যা সে সময়ের তুলনায় খুবই ব্যতিক্রম ঘটনা। প্রচলিত গল্প অনুযায়ী, ফাবের্ঝের কাছে প্রশিক্ষণ নেয়ার সময় জানালায় বরফকণার তৈরি নকশা দেখে ধারণাটি পান তিনি।

১৯১৭ সালে রুশ বিপ্লবের পর দ্বিতীয় নিকোলাসের উইন্টার এগগুলো বিভিন্ন ব্যক্তিগত সংগ্রহে ছড়িয়ে পড়ে। চলতি সপ্তাহে নিলামে ওঠা শিল্পকর্মটি নতুন সোভিয়েত সরকার অর্থ সংগ্রহের জন্য বিক্রি করে দেয়। বিশ বা ত্রিশের দশকে মাত্র ৪৫০ পাউন্ডে কিনে নেয় ব্রিটিশ অ্যান্টিক ডিলার ওয়ার্টস্কি। পরে বিভিন্ন সময়ে একাধিক ব্রিটিশ ব্যক্তিগত সংগ্রহে দেখা গেলেও ১৯৭৫ সাল থেকে প্রায় দুই দশক আড়ালে ছিল। ১৯৯৪ সালে ডিমটি জেনেভায় ক্রিস্টি’জ নিলামে ৭২ লাখ সুইস ফ্রাঁ বা তৎকালীন বিনিময় হারে ৫৬ লাখ ডলারের সমপরিমাণ অর্থে বিক্রি হয়, তখন এটি ছিল ফাবের্ঝে এগের জন্য রেকর্ড দাম। ২০০২ সালে নিউইয়র্কে আবার রেকর্ড গড়েছিল, তখন দাম ওঠে ৯৬ লাখ ডলার। এরপর আর কোনো ইম্পেরিয়াল এগ নিলামে ওঠেনি। তবে ২০০৭ সালে রথসচাইল্ড পরিবারের জন্য তৈরি একটি ফাবের্ঝে ডিম ৮৯ লাখ পাউন্ডে বিক্রি হয়। ২০১৫ সালে এক মার্কিন ব্যক্তি অন্তরালে থাকা একটি ইম্পেরিয়াল এগ খোলাবাজার থেকে মাত্র ১৪ হাজার ডলারে কেনেন। তখন মূল্য ২ কোটি পাউন্ড অনুমান করা হলেও এটি এখনো নিলামে ওঠেনি।

উইন্টার এগটি এবার গহনা, অলংকৃত বাক্স, ছোট শিল্পমূর্তিসহ প্রায় ৫০টি ফাবের্ঝে শিল্পকর্মের সঙ্গে নিলামে উঠেছিল। এগুলো বিক্রি করেছেন এক অজ্ঞাত রাজপরিবারের সদস্য।

খবর ও ছবি সিএনএন