দেশের পুঁজিবাজারে টানা দরপতন চলছেই। আজ সোমবার সকাল ১০টায় লেনদের শুরুর ১৪ মিনিটের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স ৬ হাজার পয়েন্টের নিচে নেমে যায়। ডিএসইর বাকি দুই সূচকও ছিল নিম্নমূখী।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, সকাল ১০টায় লেনদেন শুরুর পর থেকেই শেয়ার বিক্রির চাপে পয়েন্ট হারাতে থাকে সূচক। বেলা সাগে ১১টা পর্যন্ত সূচকটি আগের দিনের চেয়ে ৬১ পয়েন্ট কমে ৫ হাজার ৯৯২ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএস-৩০ সূচক এসময় পর্যন্ত প্রায় ২৪ পয়েন্ট কমে ২ হাজার ১৪৪ ও শরিয়াহ সূচক ডিএসইএস ১৩ পয়েন্ট কমে ১ হাজার ৩১৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
প্রথম দেড় ঘণ্টায় ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৭টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ৩৫টির, কমেছে ৩০৫টির আর অপরবর্তিত রয়েছে ৩৭টির বাজারদর। এ সময়ে স্টক এক্সচেঞ্জটিতে ১৪৩ কোটি ৫২ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে।










