আন্তর্জাতিক বাজারে গতকাল স্বর্ণের দাম বেড়ে দুই সপ্তাহের সর্বোচ্চে পৌঁছেছে। এ নিয়ে টানা চতুর্থ দিনের মতো মূল্যবান ধাতুটির দাম বাড়ল। যুক্তরাষ্ট্রে উৎপাদন খাতে শ্লথগতির খবরে ধাতুটির বাজার ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে। অন্যদিকে জ্যাকসন হলে অনুষ্ঠেয় কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদের হারবিষয়ক বৈঠকও দাম বাড়ার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করেছে। খবর রয়টার্স।
স্পট মার্কেটে গতকাল স্বর্ণের দাম দশমিক ৩ শতাংশ বেড়ে যায়। প্রতি আউন্সের মূল্য স্থির হয় ১ হাজার ৯১৯ ডলার ৭ সেন্টে। ১০ আগস্টের পর এটিই সর্বোচ্চ দাম। অন্যদিকে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) স্বর্ণের ভবিষ্যৎ সরবরাহ মূল্য আউন্সপ্রতি ১ হাজার ৯৪৭ ডলারে অপরিবর্তিত রয়েছে।
এর আগে বুধবার ডলারে লেনদেন হওয়া ধাতুটির দাম একদিনের ব্যবধানে প্রায় ১ শতাংশ বেড়ে গিয়েছিল। ডলারের বিনিময় মূল্য ও মার্কিন ট্রেজারি ইল্ডে সুদের হার কমে যাওয়ার প্রভাবে ওইদিন স্বর্ণের এমন মূল্যবৃদ্ধি দেখা দেয়।
অনেক বিশ্লেষক মনে করছেন, অর্থনৈতিক সংকটের কারণে নিরাপদ বিনিয়োগমাধ্যম হিসেবে বিবেচিত ধাতুটির চাহিদা বাড়তে পারে। তবে চাহিদা বাড়লেও এটির দাম আউন্সপ্রতি ১ হাজার ৮৮০ থেকে ১ হাজার ৯৭০ ডলারের মধ্যেই ওঠানামা করবে।










