চলতি বছরের প্রথম চার মাসে চীন থেকে ভারতের পরিশোধিত ইস্পাত আমদানি বেড়ে পাঁচ বছরের সর্বোচ্চে পৌঁছেছে। দেশটির সরকারি নথির উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

এপ্রিল থেকে জুলাই পর্যন্ত চার মাসে চীন ছিল ভারতে দ্বিতীয় শীর্ষ ইস্পাত রফতানিকারক। এ সময় দেশটি ভারতে ৬ লাখ টন ইস্পাত রফতানি করে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৬২ শতাংশ বেশি। 

এ চার মাসে ভারত সব মিলিয়ে ২০ লাখ টন পরিশোধিত ইস্পাত আমদানি করেছে, যা এর আগের বছরের তুলনায় ২৩ শতাংশ বেশি এবং ২০২০ সালের পর সর্বোচ্চ। চীন বিশ্বের শীর্ষ ইস্পাত উৎপাদক। দেশটি মূলত ভারতে কোল্ড রোলড কয়েল বা সিট রফতানি করে। 

চার মাসে ভারতে শীর্ষ ইস্পাত রফতানিকারক ছিল দক্ষিণ কোরিয়া। দেশটি রফতানি করে ৭ লাখ টন, যা ভারতের মোট আমদানির ৩৫ শতাংশ। 

ভারত বিশ্বের দ্বিতীয় শীর্ষ ইস্পাত উৎপাদক। এপ্রিল থেকে জুলাই পর্যন্ত দেশটি ছিল ইস্পাতের নিট রফতানিকারক। এ সময় ইতালি, স্পেন, বেলজিয়াম, নেপাল ও সংযুক্ত আরব আমিরাতের মতো ক্রেতা দেশগুলোয় ২৬ লাখ টন ইস্পাত রফতানি করে দেশটি।

এপ্রিল থেকে জুলাই পর্যন্ত ভারতের ইস্পাত উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে ৪ কোটি ৫৮ লাখ টনে। গত বছরের একই সময়ের তুলনায় উৎপাদন ১১ দশমিক ৫ শতাংশ বেড়েছে। পরিশোধিত ইস্পাতের ব্যবহার দাঁড়িয়েছে ৪ কোটি ১২ লাখ টনে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ২ শতাংশ বেশি।