ইউক্রেনে রুশ আগ্রাসনের জের ধরে রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নেয় মাস্টারকার্ড। অন্যদিকে নতুন কার্ড ইস্যু করার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। সম্প্রতি দক্ষিণ-পূর্ব এশিয়া ও লাতিন আমেরিকায় মার্কিন আর্থিক পরিষেবা প্রতিষ্ঠানটি ব্যবসা সম্প্রসারণের নতুন পরিকল্পনা হাতে নিয়েছে। খবর রয়টার্স।

বৈশ্বিক পেমেন্ট ব্যবস্থার অগ্রদূত মাস্টারকার্ড। ডিজিটাল আর্থিক পরিষেবা দেয়ার জন্য প্রতিষ্ঠানটি বেশ জনপ্রিয়। সে হিসেবে লাভের মাত্রাও বেড়ে চলেছে সংস্থাটির। গত বছর মাস্টারকার্ডের মোট আয় ছিল ১ হাজার ৮৮৮ কোটি ডলার। তবে এ বছর ব্যবসায় কিছুটা মন্দা আনে রাশিয়া-ইউক্রেন সংঘাত। ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে এবার দক্ষিণ-পূর্ব এশিয়ার দিকে মনোযোগ বাড়ানোর পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে মাস্টারকার্ডের আন্তর্জাতিক বাজার বিভাগের সহসভাপতি লিং হাই বলেন, উপযুক্ত জনসংখ্যা, প্রযুক্তি, আর্থিক খাতে সরকারি মনোযোগের কারণে দক্ষিণ-পূর্ব এশিয়া দারুণ। চীনে লকডাউনের জন্য সরবরাহ ব্যবস্থা ব্যাহত হয়েছে। তাই অন্যান্য দেশগুলোর জন্য তা নতুন সুযোগ তৈরি করেছে।

২০১৮ সালের আইন লঙ্ঘন করায় মাস্টারকার্ডের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ভারত। এ বিষয়ে লিং হাই বলেন, আমরা অঙ্গীকারবদ্ধ হওয়ার খুব কাছাকাছি পর্যায়ে আছি। ভারত সরকার ও রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার সঙ্গে গঠনমূলকভাবে কাজ করছে মাস্টারকার্ড। ভারতের স্থানীয় তথ্য সংরক্ষণ আইনের সঙ্গে কাজ করতে প্রস্তুত প্রতিষ্ঠানটি। শতভাগ নীতি মেনে কাজ করাই প্রতিষ্ঠানের লক্ষ্য। এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।

মাস্টারকার্ডের অন্যতম প্রধান ব্যবসা কেন্দ্র ভারত। প্রযুক্তি কেন্দ্র স্থাপন ও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সমর্থনে ২০১৪ সাল থেকে এ পর্যন্ত ভারতে ২০০ কোটি ডলার বিনিয়োগ করেছে সংস্থাটি।

এদিকে ইউক্রেনে রুশ হামলা ব্যবসায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে মাস্টারকার্ডের জন্য। গত বছরের মার্চে মার্কিন সংস্থাটির নিট আয়ের প্রায় ৪ শতাংশ এসেছে রাশিয়া থেকে। তবে ইউক্রেন সংকটের কারণে রাশিয়ায় ব্যবসায়িক কার্যক্রম স্থগিত করেছে প্রতিষ্ঠানটি। এ বিষয়ে লিং হাই জানান, রাশিয়ায় আর্থিক অন্তর্ভুক্তি, টেকসই ও তথ্যনিরাপত্তার ক্ষেত্রে নিয়মনীতি উন্নয়নের কোনো সুযোগ দেখা দিলে মাস্টারকার্ড সহযোগিতা করবে। অন্যান্য স্টেকহোল্ডারের পাশাপাশি রুশ সরকারের সঙ্গেও কাজ করতে ইচ্ছুক প্রতিষ্ঠানটি।

ব্যবসার প্রসারের ক্ষেত্রে মহামারী ছিল এক বড় অন্তরায়। সম্প্রতি কভিড-১৯ মহামারীর বিপর্যয় কাটিয়ে উঠছে ইউরোপ। এতে উদ্ভাবনের নানা সুযোগও তৈরি হয়েছে মহাদেশটিতে। ফলে মাস্টারকার্ডের জন্য বাজার সম্প্রসারণের সম্ভাবনা হাতছানি দিয়েছে ইউরোপেও।