চীনে শ্লথগতি সত্ত্বেও চলতি বছরের প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে স্টারবাকসের। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক কফি চেইন জায়ান্টটি। খবর সিএনবিসি।

স্টারবাকস বলছে, উত্তর আমেরিকায় চলতি বছরের প্রথম তিন মাসে বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় ১২ শতাংশ বেড়েছে। তবে নতুন করে কভিড-১৯ সংক্রমণের কারণে চীনে ২৩ শতাংশ কমেছে।

স্টারবাকস জানায়, ৩ এপ্রিল শেষ হওয়া প্রান্তিকে তাদের নিট আয় ২ দশমিক ৩ শতাংশ বেড়ে ৬৭ কোটি ৪৫ লাখ ডলারে দাঁড়িয়েছে। কফি চেইনটির মোট আয় ১৪ দশমিক ৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭৬০ কোটি ডলার। কফি চেইন শপটির অন্তর্বর্তীকালীন সিইও হাওয়ার্ড শুলজ জানান, উত্তর আমেরিকার বাজারে ড্রাইভ-থ্রু স্টোর ও ক্যাফের আধুনিকায়নে বিনিয়োগের ফল পেতে শুরু করেছে স্টারবাকস। এক সংবাদ বিবৃতিতে তিনি আরো জানান, আমরা আমাদের অংশীদার, ক্রেতা ও স্টোর অভিজ্ঞতার মাধ্যমে যুক্তরাষ্ট্রে ব্যবসা বাড়ানোয় বিশেষ মনোযোগ দিয়েছি। আমাদের লোকবল এবং কোম্পানিতে যে বিনিয়োগ করেছি তাতে যুক্তরাষ্ট্রের স্টোরগুলোয় প্রয়োজনীয় সক্ষমতা যুক্ত করবে।

স্টারবাকস সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করেছে, উপকরণ ব্যয় বৃদ্ধি, কর্মচারীদের বেতন বৃদ্ধি এবং শ্রমবাজারের পরিস্থিতি মোকাবেলায় নতুন কর্মীদের প্রশিক্ষণের মতো বিভিন্ন কারণে উত্তর আমেরিকায় প্রত্যাশার চেয়ে কম আয় হয়েছে। অবশ্য মার্চে সিইও হিসেবে শুলজ পুনরায় দায়িত্ব গ্রহণের পর চাঙ্গা ভাব দেখা দিয়েছে।

সাংহাই, কুনশানসহ চীনের ডজনখানেক শহরে নতুন করে কভিড-১৯ সংক্রমণ বৃদ্ধি ও লকডাউনের ফলে চীনের বাজারে স্টারবাকসের বিক্রিতে ভাটা দেখা দিয়েছে।