অনাবৃষ্টির কারণে চলতি ২০২০-২১ মৌসুমে কমছে উরুগুয়ের সয়াবিন উৎপাদন। একই সঙ্গে কমছে এর রফতানির পরিমাণও। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) গ্লোবাল এগ্রিকালচারাল ইনফরমেশন নেটওয়ার্কের (জিএআইএন) সাম্প্রতিক এক প্রতিবেদনে পূর্বাভাসে এমনটা বলা হয়েছে। খবর ওয়ার্ল্ডগ্রেইন ডটকম।
ইউএসডিএর পূর্বাভাস অনুযায়ী, চলতি মৌসুমে উরুগুয়ের ২১ লাখ টন সয়াবিন উত্তোলনের প্রাক্কলন করা হয়েছে। তবে ২০২১-২২ সেশনে দেশটির সয়াবিনের বড় পরিমাণে উৎপাদন বৃদ্ধির সম্ভাবনা দেখছে সংস্থাটি। আগামী বিপণন বর্ষে দেশটিতে শিল্পপণ্যটির উৎপাদন ৪৭ শতাংশ বাড়বে বলে মনে করছে ইউএসডিএ। আর মোট উৎপাদনের পরিমাণ বেড়ে দাঁড়াবে ৩১ লাখ টনে। অতিরিক্ত উৎপাদন শস্যটির সার্বিক চাহিদার ভারসাম্য বজায় রাখতে সক্ষম হবে। একই সঙ্গে তা বাজারে সয়াবিনের মূল্য ভারসাম্য বজায় রাখতেও সহায়ক হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
ইউএসডিএর প্রতিবেদন অনুযায়ী, চলতি বিপণন বর্ষে উরুগুয়ের সয়াবিন রফতানি ১৯ লাখ টনে দাঁড়াবে। তবে আগামী বর্ষে তা ২৯ লাখ টনে পৌঁছবে।










