ব্রাজিলের দক্ষিণাঞ্চলে চিনি উৎপাদন আগস্টের প্রথমার্ধে আগের বছরের একই সময়ের তুলনায় ৩১ দশমিক ২ শতাংশ বেড়েছে। চলতি বছরে এ পর্যন্ত ৩৪৬ কোটি টন চিনি উৎপাদন হয়েছে। দেশটির শিল্প গ্রুপ ইউনিকার সম্প্রতি এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।
ইউএনআইসিএ একটি প্রতিবেদনে জানায়, ব্রাজিলের প্রধান শস্য আখের চাষ এ অঞ্চলে। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে কিছু সময় উৎপাদন কম হলেও এখন পর্যন্ত ৪ হাজার ৭৮৭ টন আখ মাড়াই হয়েছে, যা আগের তুলনায় ২৩ দশমিক ৪ শতাংশ বেশি।
বিবৃতিতে আরো বলা হয়, মাঝে দক্ষিণাঞ্চলে বৃষ্টি হওয়ায় তা কিছু অংশে ফসল কাটার কাজকে বিঘ্নিত করেছে। এটি একটি সতর্কতা হিসেবে কাজ করে, যাতে আমরা এল নিনো জলবায়ু প্যাটার্ন থেকে তৈরি ঝুঁকিগুলো না ভুলে যাই।
প্রতিবদেন অনুসারে, ব্রাজিলে এবার কৃষির ফলন ভালো হয়েছে। চিনি ও ইথানল উভয়ের উৎপাদন বেড়েছে। ইউএনআইসিএ জুলাইয়ে জানায়, দেশটিতে ফলন বছরে ২৪ দশমিক ১ শতাংশ বেড়েছে এবং এ অঞ্চলে মোট ইথানল উৎপাদন ১৫ দিনে ১৬ দশমিক ৪ শতাংশ বেড়েছে। ব্রাজিল বিশ্বের বৃহত্তম চিনি রফতানিকারক দেশ।










